চট্টগ্রামের পটিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর সিএনজিতে আগুন ধরে সেটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় নারী ইউপি সদস্যসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইউপি সদস্য ইরিন সুলতানার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট ভবনের উত্তর পাশে বেপারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বোয়ালখালী থেকে পটিয়া থানার মোড়ের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে বেপারিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই সিএনজিতে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বা সংযোগ লাইন থেকে গ্যাস নির্গত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।
এ সময় সিএনজিতে থাকা যাত্রী ও বোয়ালখালী উপজেলার নারী ইউপি সদস্য ইরিন সুলতানা দ্রুত গাড়ি থেকে নামতে গিয়ে গুরুতর আহত হন। এতে তাঁর এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ইরিন সুলতানার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়। আহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে সিএনজিচালিত অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পরপরই সিএনজিতে আগুন ধরে গেলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, দুর্ঘটনার সময় সিএনজিচালক মাদকাসক্ত ছিলেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেষ চক্রবর্তী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এসএ

