১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঐতিহাসিক ‘ঘাসখাল রণাঙ্গন দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের ৯ নভেম্বর সদকী ইউনিয়নের ঘাসখাল দরবেশপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের এক রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে ছয়জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন এবং চারজন আহত হন। মুক্তিযুদ্ধের সেই গৌরবোজ্জ্বল বীরত্বগাথা ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে প্রতিবছরই দিবসটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে কুমারখালীর বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে ঘাসখাল মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বরে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। কুমারখালী বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম. আবুল মনসুর মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঘাসখাল যুদ্ধের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হুসাইনুল বাহার।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। পরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত অতিথিরা। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন, মাহমুদ হোসেন মানু, সোলাইমান জোয়ারদার, আব্দুল খালেক, সিরাজ উদ্দিন, মুক্তার হোসেন, আকবর হোসেন, আতিয়ার হোসেন ও গোবিন্দ পাল ঘোষ। এ ছাড়া জাতীয় পতাকার রূপকার নিউক্লিয়াসের অন্যতম প্রতিষ্ঠাতা জাতীয় বীর মুক্তিযোদ্ধা কাজী আরিফ আহমেদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা কারশেদ আলম, শহীদ খোরশেদ আলম দিল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এসরারুল হক, জি. ডি. শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা এবং বিভিন্ন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধার সন্তান কামরুজ্জামান কামাল।
আলোচনা সভায় বক্তারা ঘাসখাল যুদ্ধের রক্তক্ষয়ী দিনগুলোর স্মৃতিচারণা করেন এবং মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা, ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এই বীরত্বগাথা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। যে আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে, সেই ইতিহাস ও শহীদদের অবদান জাতির মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
ডিআর

