ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টার পর দুর্বৃত্তরা চত্বরটিতে আগুন ধরিয়ে দেয়। এতে চত্বরে থাকা স্টিলের তৈরি স্মৃতিফলকটি আগুনে পুড়ে সম্পূর্ণ বিবর্ণ হয়ে যায়।
এ ঘটনার তীব্র প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পোড়া স্মৃতিফলকের নিচে অবস্থান নিয়ে আমরণ অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। সোমবার (৯ নভেম্বর) সকালে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এএসআই শেখ হাবিবুর রহমান অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে একদল দুর্বৃত্ত ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হঠাৎ সাগর চত্বরে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই পোড়া স্মৃতিফলকের নিচে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্য সচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।
অনশনস্থলে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন অভিযোগ করেন, ময়মনসিংহে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক ও অপ্রকাশ্য নেতা-কর্মীদের যোগসাজশে এই নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ স্মারকে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিয়ে নতুন করে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। এই জঘন্য ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়ার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে আন্দোলনকারীরা তাঁর স্মরণে ওই স্থানটিকে ‘সাগর চত্বর’ নামকরণ করেন এবং সেখানে তাঁর ছবি সংবলিত স্টিলের একটি স্মৃতিফলক স্থাপন করেন।
ডিআর

