বগুড়ার আদমদীঘির সান্তাহারে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের মারাত্মক অভিযোগে একটি কনফেকশনারি প্রতিষ্ঠানসহ মোট চারটি খাবার হোটেল ও ফুড শপকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সান্তাহার পৌর শহরের বিভিন্ন খাবার হোটেল ও কনফেকশনারিতে অভিযান চালিয়ে এই মোটা অঙ্কের জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো:
গ্রামীণ ফুডস অ্যান্ড কনফেকশনারি: ৩ লাখ টাকা
বিসমিল্লাহ খাবার হোটেল: ১ লাখ টাকা
স্টার খাবার হোটেল: ১০ হাজার টাকা
মৌবন ফুডস: ৫ হাজার টাকা
স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের বেশ কয়েকটি নামীদামি খাবার হোটেল ও কনফেকশনারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি এবং চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগ উঠছিল। সম্প্রতি বিসমিল্লাহ হোটেলের বাসি-পচা খাবার খেয়ে একই পরিবারের পাঁচজন গ্রাহক মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।
এছাড়া গ্রামীণ ফুডস অ্যান্ড কনফেকশনারির বিরুদ্ধে ভেজাল ও পচা পণ্য বিক্রির অভিযোগে ইতিপূর্বেও একাধিকবার অর্থদণ্ড দেওয়া হয়েছিল। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এই ঝটিকা অভিযান চালানো হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা এবং খাবারে ভেজাল রোধে এই প্রশাসনিক অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডিআর

