চট্টগ্রামের কোতোয়ালী থানার কে.সি. দে রোডের পুরাতন গির্জা এলাকায় অবস্থিত দি চিটাগাং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পত্তি দখলমুক্ত করেছে জেলা প্রশাসন।
সোমবার সকালে পরিচালিত উচ্ছেদ অভিযানে সোসাইটি টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত ‘হোটেল সাউদিয়া আবাসিক’ নামের অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়। অভিযান শেষে বাদ্যযন্ত্র বাজিয়ে উদ্ধার করা সম্পত্তি সোসাইটির নেতৃবৃন্দের কাছে বুঝিয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হোটেলের মূল ফটক সিলগালা করে দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সোসাইটির সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হেলাল হোসেন উপস্থিত ছিলেন।
সোসাইটি সূত্রে জানা যায়, ১৯৮৫ সালের ১৫ জুন এস এম আবদুল আলী গং সোসাইটি টাওয়ারের দ্বিতীয় তলায় ৪ হাজার ১০৬ বর্গফুট আয়তনের জায়গাটি ভাড়া নেন। চুক্তি অনুযায়ী, প্রতি বর্গফুটের মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১ টাকা ৬০ পয়সা। পরবর্তীতে ১৯৮৭ সালের ১৩ মে নতুন চুক্তির মাধ্যমে ভাড়া বাড়িয়ে প্রতি বর্গফুট ২ টাকা করা হয়।
তবে পরবর্তী সময়ে ভাড়া পরিশোধ না করা এবং চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে ভাড়াটিয়া পক্ষের বিরুদ্ধে। বারবার নোটিশ দেওয়ার পরও জায়গাটি ছেড়ে না দেওয়ায় সোসাইটি কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করে।
দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ২৪ জুলাই সিনিয়র সিভিল জজ প্রথম আদালত বাদীপক্ষের অনুকূলে রায় দেন। পরবর্তীতে ৫ নভেম্বর আদালত উচ্ছেদের চূড়ান্ত আদেশ জারি করেন।
আদালতের রায় অনুযায়ী, বিবাদী পক্ষের কাছে ক্ষতিপূরণ বাবদ সোসাইটির পাওনা রয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৬৯৮ টাকা।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিনের অবৈধ দখলদারকে উচ্ছেদ করে ৪ হাজার ১০৬ বর্গফুটের সম্পত্তি প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর নিজেদের সম্পত্তি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন দি চিটাগাং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক হেলাল হোসেন।
এসএ

