মৃত্যুর মুখ থেকে ফিরে এলো সুন্দরবনের একটি পুরুষ হরিণ। শিকারিদের পাতা শক্ত ফাঁদে পা আটকে ছটফট করছিল হরিণটি। যেকোনো মুহূর্তে শিকারিদের হাতে প্রাণ হারানোর আশঙ্কা ছিল তার। ঠিক এমন সময় ঘটনাস্থলে পৌঁছে যায় বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ টহল দল। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় জীবিত উদ্ধার করা হয় হরিণটিকে।
রবিবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে সুন্দরবনের করমজল অফিস এলাকার চারাখালী ভারানী খালের বনাঞ্চলে টহল দেওয়ার সময় হরিণটিকে ফাঁদে আটকে থাকতে দেখেন বনরক্ষীরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় কোস্টগার্ড পশ্চিম জোনের হারবাড়িয়া বিসিজি স্টেশনে।
খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতার সঙ্গে ফাঁদের দড়ি কাটার কাজ শুরু করেন। আতঙ্কিত হরিণটি বারবার লাফালাফি করায় তার পা আরও বেশি আটকে যাচ্ছিল। অবশেষে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় হরিণটিকে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করতে সক্ষম হন তাঁরা।
উদ্ধারের পর কোস্টগার্ডের জাহাজের ডেকে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা দেওয়া হয়। এ সময় বনরক্ষী ও কোস্টগার্ড সদস্যরা অত্যন্ত যত্নের সঙ্গে হরিণটির দেখভাল করেন।
প্রাথমিক পরিচর্যার পর হরিণটি কিছুটা সুস্থ হয়ে উঠলে দুপুর ৩টার দিকে সেটিকে নন্দবালা অফিস এলাকার শিয়ালা খালের গভীর বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেখানে নিরাপদ পরিবেশে হরিণটিকে অবমুক্ত করা হয়। মুক্তি পেয়েই এক দৌড়ে বনের গভীরে হারিয়ে যায় বন্য প্রাণীটি।
এ বিষয়ে চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ দৈনিক মানবকণ্ঠকে বলেন, সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে এ ধরনের ফাঁদ পাতা মারাত্মক অপরাধ। কারা এই ফাঁদ পেতেছে, তা শনাক্ত করতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, \"হরিণ সুন্দরবনের প্রাণ। হরিণ না থাকলে বাঘ থাকবে না, বাঘ না থাকলে সুন্দরবন থাকবে না। এই চক্রকে ধরতে আমরা কঠোর অবস্থানে আছি।\"
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগের সঙ্গে যৌথ টহল কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। বন্যপ্রাণী শিকার, বিষ প্রয়োগে মাছ ধরা এবং বন ধ্বংসকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা বন বিভাগ ও কোস্টগার্ডের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, নিয়মিত নজরদারি ও টহল অব্যাহত থাকলে সুন্দরবনের বন্যপ্রাণী শিকারিদের হাত থেকে রক্ষা পাবে।
এসএ

