অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিস্তারের ফলে সংবাদ প্রকাশের গতি বেড়েছে। তবে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্যের নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা ও পেশাগত নৈতিকতার সঙ্গে কোনো আপস করা যাবে না। সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন রাজশাহীর সাংবাদিক নেতারা।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর আমানা ফুড ভিলে রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)-এর নতুন সদস্যদের বরণ ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।
প্রধান অতিথির বক্তব্যে মুহা. আব্দুল আউয়াল বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, যথাযথ সম্পাদনা, ভাষার শুদ্ধতা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতা বাড়াতে হবে। একটি সাংবাদিক সংগঠনের কাজ শুধু সদস্যসংখ্যা বৃদ্ধি করা নয়; বরং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং পেশাগত দক্ষতা উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখা। নতুন সদস্যদের জ্ঞান, দক্ষতা, সততা ও অনুসন্ধানী মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ডালিম হোসেন শান্ত বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানুষের অধিকার, সামাজিক সমস্যা এবং রাষ্ট্রের জবাবদিহির বিষয়ও জড়িত। তাই সাংবাদিকদের সাহসী, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে রোমোকে সদস্যদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, প্রশিক্ষণের আয়োজন এবং পেশাগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
রোমোর আহ্বায়ক মোহাম্মদ হুজাইফার সভাপতিত্বে এবং সদস্য সচিব তুহিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) রাজশাহী জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক কালবেলার রাজশাহী বিভাগীয় ব্যুরোপ্রধান মাহবুব হুসাইন, বাংলাদেশ বেতারের রাজশাহী মহানগর প্রতিনিধি আশিকুর রহমান, রোমোর যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন এবং নতুন সদস্য দৈনিক উত্তরা প্রতিদিনের সাংবাদিক রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে রোমোর নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা এবং নৈতিকতার চর্চা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এসএ

