চাহিদা অনুযায়ী ডিএপি সার না পেয়ে রাজশাহীর গোদাগাড়ীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চার শতাধিক কৃষক। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হাতনাবাদ এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অবস্থান নেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ কৃষকেরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ এবং গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা। তাঁরা বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলেন। কৃষকদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং চাহিদা অনুযায়ী সার সরবরাহের আশ্বাস দিলে কৃষকেরা মহাসড়ক থেকে সরে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতনাবাদ এলাকায় বিসিআইসির সার ডিলার মেসার্স মানিক ট্রেডার্স এবং এর পাশেই বিএডিসির ডিলার মেসার্স মোশাররফ হোসেনের প্রতিষ্ঠান রয়েছে। মানিক ট্রেডার্সে ১৫০ বস্তা ডিএপি সার মজুত ছিল। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাবিবুর রহমান ওই সার বিক্রি করেন। বিকেলে পাশের মোশাররফ হোসেনের গুদামে থাকা আরও ১৫০ বস্তা ডিএপি সার বিক্রির কথা ছিল।
তবে মজুতের তুলনায় সার নিতে আসা কৃষকের সংখ্যা বেশি হওয়ায় সবাই সার পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ পরিস্থিতিতে পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে কৃষকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
এদিকে এলাকায় সার সংকট নেই বলে দাবি করেছেন ডিলার হাবিবুর রহমান। তিনি অভিযোগ করেন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম নতুন ডিলারশিপের জন্য আবেদন করেও পাননি। অন্যদিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের ভাই মাইনুল হক ডিলারশিপ পেয়েছেন। এ নিয়ে ক্ষোভ থেকে পরিস্থিতি ঘোলাটে করতে মাহফুজুর রহমান ডালিম কৃষকদের দিয়ে মহাসড়ক অবরোধ করিয়েছেন বলে দাবি করেন তিনি।
তবে হাবিবুর রহমানের এই অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজুর রহমান ডালিম। তিনি বলেন, ‘আমিই কৃষকদের শান্ত করতে গিয়ে গালাগাল শুনলাম, ধাক্কা খেলাম, লাঞ্ছিত হলাম। আর আমার কথা বলছে? হায় হায়!’ তাঁর দাবি, সেখানে চার থেকে পাঁচশ কৃষক বিক্ষোভ করেছেন এবং পরিস্থিতি ছিল বেশ উত্তপ্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ‘প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ ছিল। এতে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের শান্ত করি। তাঁদের কিছু অভিযোগ ছিল। সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছি। এ ছাড়া তাঁরা পর্যাপ্ত সারের দাবি করেছেন। আমরা জানিয়েছি, চাষাবাদ শুরু করা কৃষকদের তালিকা আমাদের কাছে রয়েছে। সেই তালিকা অনুযায়ী সবাইকে সার সরবরাহ করা হবে। এরপর তাঁরা অবরোধ তুলে নেন।’
এসএ

