নওগাঁর মান্দা উপজেলায় ঘরে ঢুকে এক আদিবাসী কিশোরীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা দুই অভিযুক্তকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের লীলা বাজার এলাকার আদিবাসী পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার কিশোরী স্থানীয় তানোইল (লীলা বাজার) গ্রামের কন্যা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযুক্ত ব্যক্তিরা সুকৌশলে কিশোরীটির বাবাকে নেশাদ্রব্য সেবন করিয়ে দূরে পান আনতে পাঠিয়ে দেয়। বাড়িতে কেউ না থাকার এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্তরা ঘরে প্রবেশ করে।
এরপর তারা জোরপূর্বক কিশোরীটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির হাত-পা চেপে ধরে তার গায়ের কাপড় টেনে ছিঁড়ে ফেলা হয়। চরম আতঙ্ক ও হেনস্তার মুখে কিশোরীটি নিজেকে রক্ষার জন্য চিৎকার করলে একপর্যায়ে সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
মেয়ের চিৎকার ও গোঙানির শব্দ শুনতে পেয়ে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা ঘর থেকে ভুক্তভোগী কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করেন এবং হাতেনাতে দুই অভিযুক্তকে ঘিরে ধরে অবরুদ্ধ করে রাখেন।
পরে খবর পেয়ে মান্দা থানা থেকে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তাৎক্ষণিকভাবে স্থানীয় উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
অভিযুক্তরা হলেন বৈদ্যপুর গ্রামে আব্বাস আলী শাহের ছেলে আলিম শাহ ওরফে ভুট্টু (৪৯), বেজোড়া গ্রামের আজাদ আলীর ছেলে এনামুল হক (৩২)।
এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকে স্থানীয় আদিবাসী সম্প্রদায়সহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা অবিলম্বে দুই লম্পটের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
মান্দা থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারটির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

