পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবোঝাই থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতদের মধ্যে একজন সাংবাদিকের স্ত্রী ও তার ৮ বছরের কন্যা রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার (৩৫) সাংবাদিক আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক। আল আকসা সুমাইয়া সম্প্রীতি (৮) মাহমুদা আক্তার ও আলী আজগরের কন্যা।
নিহত প্রমিলা রানী (৩০) দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা ও তার কন্যা সম্প্রীতি রংপুরে এবং প্রমিলা ঠাকুরগাঁওয়ে মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে থ্রি-হুইলারটি সড়কের পাশের ধানক্ষেতে উল্টে পড়ে যায়। এতে মোট ৮ জন যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় মাহমুদা আক্তার ও তাঁর কন্যাসহ ৫ জনকে রংপুর ও ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় আহত অন্য যাত্রীরা হলেন—আয়শা (২), রহিদুল ইসলাম (৪৮), নাসরিন আক্তার (৪৬), স্বীকৃতি (৭) এবং আক্তারুজ্জামান (৩৩)।
ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক। বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

