মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৯ সালে দায়িত্ব ছাড়ার আগেই তিনি কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান। কমিউনিস্ট শাসিত ক্যারিবীয় দ্বীপদেশটিতে সামরিক অভিযান চালানোর বিষয়টিও তিনি ‘নিশ্চিতভাবেই বিবেচনা করবেন’ বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রক্ষণশীল ধারার রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার প্রশাসন কিউবার রাজধানী হাভানার পরিস্থিতি ‘খুব কাছ থেকে’ পর্যবেক্ষণ করছে। তিনি কিউবাকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ বলেও উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ‘আমি দায়িত্ব ছাড়ার আগেই কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চাই।’ পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, কিউবার কর্তৃপক্ষকে ক্ষমতাচ্যুত করতে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট সময়সীমার কথা জানালেন তিনি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার বিষয়ে পদক্ষেপ নিতে ‘খুবই আগ্রহী’ হবেন। রুবিওর মা-বাবা কিউবার বংশোদ্ভূত।
এমন বক্তব্যের মধ্যেই কিউবার ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটিতে জ্বালানি ও অর্থনৈতিক সংকট আরও গভীর হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কিউবায় একাধিকবার দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। পাশাপাশি জ্বালানি ও খাদ্যসংকটও চলছে।

