সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিমের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর, লুটপাট ও জমি দখলের অভিযোগে মামলা করেছেন ইদ্রিস আলী নামে এক কৃষক।
শনিবার (১৪ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলাটি করেন তিনি। মামলায় আব্দুল হালিমকে একমাত্র এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে ওই জমি দখলের চেষ্টা করেন আব্দুল হালিম।
এজাহারে অভিযোগ করা হয়, এ ঘটনার জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হালিম ও তাঁর সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করা হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
ইদ্রিস আলী এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আব্দুল হালিম। ওই মামলায় তাঁকে কারাগারেও যেতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আব্দুল হালিম জমিটি দখল করে নিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ কারণে সপরিবারে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।
এজাহারে আরও বলা হয়, গত ১২ নভেম্বর আব্দুল হালিমের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। নিরাপত্তাহীনতা ও ভয়ের কারণে এতদিন মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে আব্দুল হালিম বলেন, মামলার বিষয়টি তাঁর জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না এবং এলাকায় অনেকের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, শনিবার ইদ্রিস আলী নামে এক ব্যক্তি আব্দুল হালিমের বিরুদ্ধে মামলাটি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএ

