গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের প্রভাবে শিল্পাঞ্চলে অস্থিরতা কাটছে না। এরই মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসব কারখানার মধ্যে সাতটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে ছুটির নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। অনেককে দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করতেও দেখা যায়। এতে কাজ ও আয়ের অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।
সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানা ঘুরে এমন চিত্র দেখা গেছে। শ্রমিকরা নিয়মিত কাজের আশায় কারখানায় এলেও ছুটির নোটিশ পেয়ে ফিরে যেতে বাধ্য হন।
এদিকে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন এবং সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানানো হয়েছে।
এ অবস্থায় চরম দুশ্চিন্তায় পড়েছেন শ্রমিকরা। এপেক্স হোল্ডিংয়ের শ্রমিক নাজমা, সুলতানা খাতুন, তুহিন শেখ ও আরিফ জানান, প্রতিদিন কাজের আশায় কারখানায় আসেন তারা। কাজ না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করলেও এখন তারা কারখানা চালু চান।
তাদের ভাষ্য, বেতন বাড়ানোর ঘোষণা আসার পর তারা কাজে ফিরতে আগ্রহী। কিন্তু প্রতিদিন কারখানায় এসে কখনো ছুটি, আবার কখনো নতুন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আজ এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়েছেন।
অন্যদিকে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল। সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলন, কারখানায় হামলা ও ভাঙচুরসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে স্বাভাবিক কাজ হচ্ছে না।
তিনি বলেন, রোববার থেকে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো শিল্প পুলিশের কাছে পৌঁছায়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানা কর্তৃপক্ষ সকালে ছুটি ঘোষণা করেছে।
শিল্প পুলিশ সুপার আরও জানান, রোববার কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
বিএইচ

