তুরস্কের আনতালিয়ায় আয়োজিত জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলনের (কপ-৩১) আলোচনা মধ্যপর্যায়ে পৌঁছেছে। সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা ১৬৫টি ম্যান্ডেট নিয়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় দরকষাকষিতে অংশ নিচ্ছেন। এসব গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সব পক্ষকে কৌশলগত বিলম্ব এড়িয়ে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল।
শনিবার (১৪ নভেম্বর) আনতালিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কপের মধ্যপর্যায়ের অগ্রগতি নিয়ে সাইমন স্টিয়েল বলেন, প্রতিটি দেশের প্রস্তাব ও কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত শত বাক্যে ঐকমত্যে পৌঁছানো কঠিন হলেও তা অর্জনে প্রতিটি পক্ষকে ছাড় ও সমঝোতার মানসিকতা দেখাতে হবে।
সাইমন স্টিয়েল আরও বলেন, দেশগুলো এখন জলবায়ু পদক্ষেপের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, নতুন কর্মসংস্থান এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি নিশ্চিতের দিকে নজর দিচ্ছে। বিদ্যুতায়ন ও জলবায়ু অর্থায়ন আলোচনায় প্রাধান্য পাচ্ছে। জলবায়ু সংকট একক কোনো সম্মেলনে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়, তবে প্রতিটি সম্মেলনকে টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ প্যাভিলিয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বনেতৃবৃন্দের পাশাপাশি বাংলাদেশের পরিবেশবিদ ও বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত থেকে জলবায়ু ঝুঁকি ও বাংলাদেশের বিভিন্ন দাবি তুলে ধরেন।
জলবায়ু আন্দোলনে কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করতে খেলাধুলা, চলচ্চিত্র ও সংগীতকে যুক্ত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে জাতিসংঘের উদ্যোগে ‘স্পোর্টস ফর ক্লাইমেট অ্যাকশন’ এবং ‘এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচার ফর ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক প্ল্যাটফর্ম কাজ করছে। সংবাদ সম্মেলনে টেলিমুন্দোর সাংবাদিক ভেনেসা হাউক ও ভারতের ‘পিএলইউসি’-র প্রতিষ্ঠাতা তামসিল হোসেন তাঁদের উদ্যোগগুলো তুলে ধরেন।

