ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মারধরে মিনারা বেগম (৬৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে কামরুল (৪০) ও পুত্রবধূ নিলুফা বেগম (৩৫) পলাতক রয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মিনারা বেগমকে মৃত ঘোষণা করেন।
নিহত মিনারা বেগম উপজেলার কাকনহাটি গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃত শিহাব উদ্দিনের স্ত্রী।
নিহতের মেয়ে শাহানারা বেগম অভিযোগ করেন, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কামরুল ও তার স্ত্রী প্রায়ই মাকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায় কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা মাকে মারধর করেন।
এক পর্যায়ে মিনারা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার ছোট ভাই আল-আমিনকে জানানো হয়।
স্বজনদের দাবি, সোমবার রাত ১২টার দিকে অসুস্থ মিনারাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মঙ্গলবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর থেকে ছেলে কামরুল ও পুত্রবধূ নিলুফা বেগমের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।




