পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে সিয়াম (২০) নামের এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত পৌনে চারটার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘বাহক’ ও ‘লিসা’ পরিবহনের দুটি বাসে অতর্কিত আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তিনটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে লিসা পরিবহনের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার সিয়াম অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে আগুন লাগার পর ওই এলাকায় টহলরত পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে আসেন এবং আশপাশের অন্যান্য বাসের ভেতরে ঘুমিয়ে থাকা লোকজনকে ডেকে তুলে নিরাপদে সরিয়ে দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বাস থেকে পুড়ে যাওয়া হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজে অংশ নেয়।
অনুসন্ধানে জানা গেছে, অগ্নিসংযোগের শিকার ‘লিসা’ পরিবহনের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং ‘বাহক’ পরিবহনের মালিক ঝালকাঠির অমিত পাল। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
ডিআর




