অস্বাভাবিকভাবে ঘন কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পয়েন্ট এবং মাঝনদী মিলে মোট ৯টি ফেরি আটকা পড়েছে। এর মধ্যে পাটুরিয়া প্রান্তে ৩ নম্বর ঘাটে নোঙর করে আছে ‘খান জাহান আলী’ ও ‘বাইগার’, ৪ নম্বর ঘাটে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ এবং ৫ নম্বর ঘাটে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’। এছাড়া মাঝনদীতে কুয়াশার কবলে পড়ে মাঝপথেই আটকা পড়েছে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামের আরও একটি ফেরি।
অন্যদিকে, দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে অবস্থান করছে ‘পায়রা’ ও ‘বিএস ডা. গোলাম মাওলা’, ৪ নম্বর ঘাটে ‘হাসনাহেনা’ এবং ৭ নম্বর ঘাটে ‘ধলেশ্বরী’ ও ‘কেরামত আলী’ ফেরিগুলো।
এ বিষয়ে কথা হলে বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, ঘন কুয়াশার কারণে নৌপথের সিগনাল বা মার্কিং বাতিগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এতে যেকোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী ও যানবাহনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার প্রকোপ কেটে গেলে এবং নদীর অববাহিকায় দৃশ্যমানতা স্বাভাবিক পর্যায়ে ফিরে এলে তাৎক্ষণিকভাবে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
ডিআর




