রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে যাঁরা নিয়মিত যাতায়াত করেন, তাঁরা দুই সপ্তাহের বেশি সময় ধরে এক অদ্ভুত দৃশ্য খেয়াল করছেন। ঝিলের একাংশের দূষিত পানি হঠাৎ করেই গোলাপি রং ধারণ করেছে। বিশেষ করে এফডিসি, মধুবাগ ব্রিজ ও পুলিশ প্লাজা সংলগ্ন অংশের পানিতে স্পষ্টভাবে এই গোলাপি আভা দেখা যাচ্ছে। পানির এমন অস্বাভাবিক রং পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
রাজউকের উদ্যোগ ও বুয়েটের শরণাপন্ন
ওয়াটার ট্যাক্সির নিয়মিত যাত্রী ও স্থানীয়দের মতে, সপ্তাহখানেক আগে ঝিলের দুর্গন্ধ কমাতে পানিতে একধরনের রাসায়নিক ছিটানো হয়েছিল, এরপর থেকেই পানির রং পাল্টাতে শুরু করে। তবে হাতিরঝিল তত্ত্বাবধানকারী সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তাৎক্ষণিকভাবে এর কোনো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেনি।
এ বিষয়ে রাজউকের প্রশাসন ও অর্থ শাখার সদস্য মো. শাহিনুর আলম জানান, হঠাৎ পানিতে এই গোলাপি রং কেন ও কোত্থেকে এল, তার প্রকৃত কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফলে এই রহস্য উদ্ঘাটন করতে রাজউক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের সহযোগিতা নিয়েছে।
তিন ধরনের ব্যাকটেরিয়াকে সন্দেহ গবেষকদের
ইতিমধ্যে বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক আয়শা শারমিনের নেতৃত্বে একটি গবেষক দল গত ৩ নভেম্বর হাতিরঝিলের বিভিন্ন স্থান ও গভীরতা থেকে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু করেছে। প্রাথমিক পরীক্ষায় হাতিরঝিলের পানির গুণগত মান প্রায় সব সূচকেই অত্যন্ত খারাপ পাওয়া গেছে।
অধ্যাপক আয়শা শারমিন জানান, হাতিরঝিলের পানিতে অনবরত পয়োবর্জ্য ও গৃহস্থালি বর্জ্য ফেলার কারণে ফসফেট ও নাইট্রেটের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। বিজ্ঞানের ভাষায় পানির এই অবস্থাকে ‘ইউট্রোফিকেশন’ (Eutrophication) বলা হয়। এর মধ্যে পানির দুর্গন্ধ কমাতে চুন প্রয়োগ করায় পানিতে অম্ল ও ক্ষারের (পিএইচ) মাত্রা বেড়ে গেছে।
গবেষকদের ধারণা, এমন রাসায়নিক পরিবেশে পানিতে পার্পল সালফার ব্যাকটেরিয়া (Purple Sulfur Bacteria) ও পার্পল নন-সালফার ব্যাকটেরিয়া (Purple Non-Sulfur Bacteria) জন্ম নিতে পারে। এসব ব্যাকটেরিয়া একধরনের রঞ্জক পদার্থ (পিগমেন্ট) তৈরি করে, যার প্রভাবে পানির রং পরিবর্তিত হয়ে গোলাপি আকার ধারণ করতে পারে। এর পাশাপাশি পানিতে সায়ানো ব্যাকটেরিয়াও (Cyanobacteria) থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
তবে ঠিক কোন ব্যাকটেরিয়া বা রাসায়নিক বিক্রিয়ার কারণে পানির রং এভাবে বদলে গেছে, তা এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। চলতি মাসের শেষের দিকে বুয়েটের গবেষক দল তাদের পূর্ণাঙ্গ পরীক্ষার ফলাফল রাজউকের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।
সূত্র: প্রথম আলো।
ডিআর




