ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে নদীর দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ায় বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার ভোর থেকেই পদ্মা নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা এতটাই বৃদ্ধি পায় যে, নদীতে সামান্য দূরের মার্কিং বাতি বা বস্তুও দেখা যাচ্ছিল না। এতে নৌপথে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। ফলে যাত্রী ও যানবাহনের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে সকাল ৬টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকাকালীন পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পন্টুনে ৯টি ফেরি নোঙর করে রাখা হয়েছিল। এর মধ্যে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে ‘খান জাহান আলী’ ও ‘বাইগার’, ৪ নম্বর ঘাটে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ এবং ৫ নম্বর ঘাটে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’ অবস্থান করছিল।
অন্যদিকে, দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে ‘পায়রা’ ও ‘বিএস ডা. গোলাম মাওলা’, ৪ নম্বর ঘাটে ‘হাসনাহেনা’ এবং ৭ নম্বর ঘাটে ‘ধলেশ্বরী’ ও ‘কেরামত আলী’ ফেরি নোঙর করা ছিল। এছাড়া ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামের একটি ফেরি মাঝনদীতে কুয়াশার কবলে পড়ে আটকা পড়েছিল।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে সকাল ৬টা থেকে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে দৃষ্টিসীমা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসায় সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।
ডিআর




