পটুয়াখালীর দশমিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতঘরে হামলা, ধারালো অস্ত্র দিয়ে ঘর কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা এবং বাড়ির সামনে থাকা আম, বড়ইসহ বিভিন্ন প্রজাতির ২০টি ফলজ ও সবজি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় সজীব হাওলাদার ও রাজিব হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মীরমর্দন গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. মনির হোসেন অভিযোগ করে বলেন, সামান্য ভুল-বোঝাবুঝির জেরে রাজিব হাওলাদার ও সজীব হাওলাদারসহ চারজন তাঁর বাড়িতে এসে হামলা চালান। এ সময় তাঁকে হেনস্তা করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে বসতঘরে কোপানো হয়। একই সঙ্গে ঘরের সামনে থাকা আম, বড়ইসহ বিভিন্ন প্রজাতির ২০টি ফলজ ও সবজি গাছ কেটে ফেলা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছে বিচার চেয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সাব্বির আহমেদসহ কয়েকজন অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় এর আগেও বিভিন্ন ধরনের অনিয়ম, চুরি ও অসদাচরণের অভিযোগ রয়েছে। তাঁদের ভয়ে অনেকে প্রকাশ্যে প্রতিবাদ করতে কিংবা সাক্ষ্য দিতে সাহস পান না বলেও দাবি করেন তাঁরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সজীব হাওলাদার। তিনি বলেন, তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাঁর বড় ভাই রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মনির হোসেন এমন অভিযোগ করেছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে আমি কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এসএ




