নারায়ণগঞ্জের ফতুল্লায় অপরাধীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য হাশেমবাগ এলাকায় যান। সেখানে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে এএসআই সাত্তার দৌড়ে প্রাণে রক্ষা পেলেও দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে আটক করে তাঁর বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাশেমবাগ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের একাধিক আস্তানা সক্রিয় রয়েছে। এর আগেও সেখানে অভিযান চালিয়ে মাদক উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের পেছনে চিহ্নিত কোনো মাদক কারবারি বা অপরাধী চক্র জড়িত কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসেও একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনার তদন্তে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। ওই ঘটনায় আটক পাঁচ আসামিকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে।
দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএ




