কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাতে পৃথক এ দুটি হামলার ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধারাবাহিক এসব ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।
জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে প্রধান সড়ক থেকে বাসভবন লক্ষ্য করে একটি ককটেল ছোড়ে। এটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
ঘটনার সময় বাসভবনে চারজন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কেউ হতাহত হননি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে একই রাতে জেলার মিরপুর উপজেলার টিএনটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। তবে জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে সর্বশেষ হামলার ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।





