পাকিস্তানের করাচির বেলুচ কলোনি এলাকায় ছয়তলা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে সর্বশেষ আরও দুটি মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।
রোববার (২৯ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার নির্মাণাধীন ছয়তলা ভবনটি ধসে পড়ে। আবাসিক জমিতে অবৈধভাবে ভবনটি নির্মাণ করা হচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ছাড়া আহত হন ১৪ জন।
এরপর বৃহস্পতিবার একজন, শুক্রবার চারজন এবং শনিবার পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ শনিবার দিবাগত রাতে আরও দুটি মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে পৌঁছেছে।
উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর এক মুখপাত্র রোববার সকালে জানান, রাতের অভিযানে উদ্ধার হওয়া দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এখনো দুজন নিখোঁজ থাকায় তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ও বোল্ট কাটারের সাহায্যে ভবনের রড কেটে ধ্বংসস্তূপ সরিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। এর আগে শুক্রবার ধসের দুই দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ২৮ বছর বয়সী মুহাম্মদ আদিল নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছিল।
সূত্র: ডন
বিএইচ





