ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড়ে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহত ব্যক্তিরা সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একটি গাড়িতে করে মন্দিরে যাওয়ার সময় সামনের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে সেটি ছিটকে পড়ে।
রামগড়ের সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন বার্তা সংস্থা পিটিআইকে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িতে তিন নারীসহ ১৩ জন ছিলেন। সংঘর্ষের পর গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন চিকিৎসক অনিল কুমার জানান, দুর্ঘটনার পর রাত আড়াইটার দিকে ১৪ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে ১৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
বিএইচ





