দেশের জনপ্রিয় চেইন সুপারশপ ‘স্বপ্ন’র বিশাল গ্রাহক ডেটাবেজ হ্যাক করার অভিযোগ পাওয়া গেছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে।
প্রায় তিন মাস আগে গত ডিসেম্বরে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। হ্যাক হওয়া তথ্যের মধ্যে রয়েছে প্রায় ৪০ লাখ নিবন্ধিত গ্রাহকের নাম, মোবাইল নম্বর এবং তাদের কেনাকাটার বিস্তারিত বিবরণ।
স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, হ্যাকাররা গত ডিসেম্বরেই তাদের ডেটাবেজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং পুনরায় এক্সেস ফিরিয়ে দেওয়ার বিনিময়ে মোটা অংকের ডলার দাবি করে। তবে হ্যাকারদের এমন অনৈতিক দাবির মুখে কোনো প্রকার আপস করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।
বর্তমানে দেশের ৬৩টি জেলায় স্বপ্ন’র ৮১২টি আউটলেট রয়েছে। বিশাল এই গ্রাহক তালিকায় কতজনের তথ্য সরাসরি ঝুঁকির মুখে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেক গ্রাহক অনলাইনে সার্চ দিয়ে তাদের নিজেদের ও পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য এবং লেনদেনের ইতিহাস দেখতে পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।
এসিআই লিমিটেডের সহযোগী এই প্রতিষ্ঠানটি বর্তমানে এই সাইবার হামলা মোকাবিলায় দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ এবং পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সঙ্গে কাজ করছে। স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সিস্টেম সুরক্ষিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ বা মামলার প্রস্তুতি চলছে।
তবে তিন মাস আগে ঘটনাটি ঘটলেও গ্রাহকদের কেন আগে সতর্ক করা হয়নি বা কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তা নিয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments