ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য ও সার বিক্রিতে জোর দিচ্ছে সরকার। এ জন্য ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল ও ৬০ হাজার মেট্রিকটন ইউরিয়া সার কিনবে সরকার। গতকাল বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই দুই প্রস্তাবসহ মোট সাতটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, ক্রয় কমিটির অনুমোদনের জন্য সাতটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে মোট ব্যয় হবে ৭৬৬ কোটি ৯৯ লাখ ২৭ হাজার ৬২২ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম প্রস্তাবে মেঘনা অ্যাডিবল অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ১৯০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।
সাঈদ মাহবুব খান আরও বলেন, টিসিবির জন্য এ তেল কেনা হবে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৭২ টাকা ৯৫ পয়সা। আগে এর ক্রয়মূল্য ছিল ১৭৭ টাকা। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই সয়াবিন তেল কেনা হচ্ছে। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইউএন ট্রেডিং ঢাকার কাছ থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ৮৬ কোটি ৪০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৭২ টাকা ৮০ পয়সা। আগে এর ক্রয়মূল্য ছিল ১৭৮ টাকা ৪৫ পয়সা। স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ তেল কেনা হবে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিটি অ্যাডিবল অয়েল লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়। এ জন্য ব্যয় ধরা হয় ১৯১ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়ে ১৭৪ টাকা ৫০ পয়সা।
সাঈদ মাহবুব খান বলেন, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশের কাছ থেকে ১২তম লটে ৩০ হাজার মেট্রিকটন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১১০ কোটি ২০ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।
কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে এ সার কেনা হবে। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রেস কোম্পানি থেকে ১৮তম লটে ৩০ হাজার মেট্রিকটন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৫৫৬ টাকা। বিসিআইসির মাধ্যমে এ সার কেনা হবে।
এর আগে ১১ জানুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৩০ হাজার মেট্রিকটন বাল্ক গ্রানুয়েল ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়। অন্য একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিকটন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়।
অতিরিক্ত সচিব বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতর কর্তৃক ‘কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ নম্বর পিডব্লিউ-০৩-এর পূর্তকাজ ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কাছ থেকে ১৬৯ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ৭৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতর কর্তৃক নরসিংদী সড়ক বিভাগের আওতায় ‘সৈয়দ নজরুল ইসলাম সেতুর’ টোল আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে ১৬ দশমিক ৪৫ শতাংশ সার্ভিস চার্জের বিনিময়ে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

