বৈশ্বিক সংকটের মধ্যেও দেশের প্লাস্টিক পণ্যের রফতানি আয় উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) সময়ে প্লাস্টিক পণ্যের রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪০ দশমিক ১২ শতাংশ। আর একই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেশি হয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগের বছর অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে দেশে প্লাস্টিক পণ্য রফতানি থেকে আয় হয় ১৬৬ দশমিক ২৫ মিলিয়ন ডলারের। টাকার অঙ্কে যা দাঁড়ায় ১ হাজার ৭১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা (১ ডলার=১০৩ টাকার হিসাবে)। চলতি ২০২২-২৩ অর্থবছরে প্লাস্টিক পণ্য রফতানি থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০০ মিলিয়ন ডলার বা ২ হাজার ৬০ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে প্লাস্টিক পণ্য থেকে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১১১ দশমিক ৮৫ মিলিয়ন ডলার বা ১ হাজার ১৫২ কোটি ৫৫ লাখ টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে সাত মাসে রফতানি থেকে আয় হয়েছে ১ হাজার ২৬১ কোটি ৩২ লাখ টাকা। গত অর্থবছরের সাত মাসে প্লাস্টিক পণ্য থেকে রফতানি আয় হয়েছিল ৮৭ দশমিক ৩৮ মিলিয়ন ডলারের বা ৯০০ কোটি ১ লাখ ৪০ হাজার টাকার।
এদিকে প্লাস্টিক খাতের উদ্যোক্তারা জানান, দেশে প্লাস্টিক শিল্পের বিকাশ দ্রুত ঘটছে। বর্তমানে দেশে প্লাস্টিক শিল্পের বাজার ৪০ হাজার কোটি টাকার। এ ছাড়া বছরে প্রায় ১২০ কোটি ডলারের প্লাস্টিক পণ্য বিদেশে রফতানি হচ্ছে। এ ছাড়া বছরে দেশে প্লাস্টিক বর্জ্য তৈরি হয় প্রায় সোয়া ৮ লাখ টন। তবে এর মাত্র ৩৬ শতাংশ রিসাইকেল হয়ে নতুন পণ্য তৈরিতে ব্যবহার করা সম্ভব হচ্ছে। বাকি ৬৪ শতাংশই পরিবেশদূষণ করে। যার একটি বড় অংশও রিসাইকেল সম্ভব।
উদ্যোক্তারা জানান, সরকারের নীতি সহায়তা পেলে প্লাস্টিক পণ্য রফতানি বর্তমানের আয়ের থেকে আরও বাড়ানো সম্ভব। পাশাপাশি আমদানি বিকল্প পণ্য তৈরি করে দেশের চাহিদাও মেটানো সম্ভব। দেশের এ খাতের উন্নয়নে প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
জানা গেছে, বর্তমানে দেশে ছোট-বড় সাড়ে ৩ হাজার প্লাস্টিক শিল্প কারখানা রয়েছে, যেগুলোর মধ্যে বড় শিল্প কারখানা অর্ধশত। এ ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা সমুজ্জ্বল। বর্তমানে দেশে ৪০ হাজার কোটি টাকার বেশি প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। মাথাপিছু ব্যবহৃত হচ্ছে ৫-৭ কোটি প্লাস্টিক পণ্য। আগামীতে ২০৩০ সাল নাগাদ যা দাঁড়াবে মাথাপিছু ৩৫ কেজিতে। আন্তর্জাতিক বাজারে এর রফতানির সম্ভাবনাও বিশাল। ২০৩০ সাল নাগাদ বছরে ৮৫ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্যসামগ্রী রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে। সুতরাং প্লাস্টিক সামগ্রীকে আর উপেক্ষা করার সুযোগ নেই।
এ খাতের উদ্যোক্তারা আরও জানান, প্লাস্টিক পণ্যের বিশ^বাজারের আকার ৮০ হাজার কোটি ডলার। অথচ প্রতি বছর মাত্র সাড়ে ১৬ কোটি ডলার রফতানি আয় ঘরে তোলে বাংলাদেশ। ভালোভাবে এগোতে পারলে আগামী সাত বছরে রফতানি তিনগুণ হবে বলে জানান উদ্যোক্তারা।
এ বিষয়ে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি সামিম আহমেদ বলেন, প্লাস্টিক পণ্যের ৪০ হাজার কোটি টাকার অভ্যন্তরীণ বাজার চাহিদা মিটিয়ে ৮০ হাজার কোটি ডলারের রফতানি বাজারে একটু একটু করে প্রবেশ করছে মেইড ইন বাংলাদেশ। এ খাতে ২০৩০ সালের মধ্যে দেশের রফতানির পরিমাণ বর্তমানের চেয়ে তিনগুণ বাড়বে। তাই কাঁচামালের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে হবে। আর বাজার ধরতে কমপ্লায়েন্স উৎপাদন ব্যবস্থার পাশাপাশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহে দায়িত্বশীলদের আরও তৎপর হওয়া দরকার।

