প্রকল্প বাস্তবায়নে অদক্ষতা ও কাজের ধীরগতির কারণে প্রতি বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ দাতা সংস্থাকে ফিরিয়ে দিতে হয় সরকারকে। শুধু চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমাতে হয়েছে। অর্থনৈতিক সংকটের মধ্যে উন্নয়নের গতি চলমান রাখতে যা খুবই প্রয়োজন ছিল। বৈদেশিক ঋণ ফেরতের এই ধারা থেকে ফিরে আসতে চায় সরকার। এ জন্য ১২টি নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে-সময় হাতে রেখে ঋণ পরিশোধ-সংক্রান্ত চুক্তি নবায়ন, বিদ্যুৎ উৎপাদন-সংক্রান্ত নতুন প্রকল্প নিরুৎসাহিত করা, প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের এলজিইডির ওপর নির্ভরশীলতা কমানো, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে পারফরম্যান্স বাড়ানো, নতুন প্রকল্প প্রস্তাব তৈরির ক্ষেত্রে অর্থায়নের যাচাই করা, সব মহাসড়ক ও সেতুর যানবাহনের টোল আদায় সম্পূর্ণ ডিজিটাইজেশন করা। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে সর্বাধিক বৈদেশিক সহায়তা বরাদ্দপ্রাপ্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি-সংক্রান্ত পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছেন. প্রতি বছরই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বরাদ্দের প্রকল্প সহায়তা অংশ সংশোধিত এডিপিতে কম-বেশি কমে যায়। যা মন্ত্রণালয় ও বিভাগের প্রকল্প বাস্তবায়ন ও বৈদেশিক সহায়তা ব্যবহারের সক্ষমতা প্রশ্নবিদ্ধ করে। তিনি আরও বলেছেন, কোভিড-১৯, অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির চাপ কমিয়ে আনার জন্য বৈদেশিক ঋণের ব্যবহারে বেশি মনোযোগ দেওয়া জরুরি হয়ে পড়েছে। তিনি মনে করেন, বৈদেশিক ঋণের অর্থ দ্রুততার সঙ্গে ব্যবহার করলে সামষ্টিক অর্থনীতিতে তা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
জানা গেছে, সভায় সর্বাধিক বৈদেশিক সহায়তাপ্রাপ্ত ১০টি মন্ত্রণালয় ও বিভাগের ২৭টি প্রকল্প নিয়ে আলোচনা হয়। তবে এর আগে এসব প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। উপস্থাপন করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়নের জন্য পরিকল্পনা কমিশন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। বৈদেশিক সহায়তার ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন দেরি হলে ব্যয় বাড়তে থাকে। প্রয়োজনীয় সময় হাতে রেখেই ঋণ পরিশোধ-সংক্রান্ত চুক্তি করা প্রয়োজন।
সভায় আরও উল্লেখ করা হয়, পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সঙ্গে নির্মাণসামগ্রীসহ বাজারদর সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। যে কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুব শিগগির বিবিএসের সঙ্গে সভার আয়োজন করা হবে। তবে হলি আর্টিসান দুর্ঘটনা, কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বেশ কিছু প্রকল্পের অগ্রগতি শ্লথ হলেও বর্তমানে তা ধীরে ধীরে গতি পাচ্ছে।
বিদ্যুৎ খাত নিয়ে প্রকল্প আলোচনাকালে সভায় উল্লেখ করা হয় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা সত্ত্বেও জ্বালানির অপ্রতুলতার কারণে কাক্সিক্ষত বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। তাই এ ধরনের প্রকল্প নেওয়ার আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও পরিকল্পনা বিভাগের সঙ্গে সমন্বয় করে নেওয়া ভালো। আবার উৎপাদন ক্ষমতার তুলনায় সরবরাহ বা সঞ্চালন অপ্রতুল। যে কারণে সভায় বিশেষভাবে গুরত্ব দেওয়া হয় যেন বিদ্যুৎ উৎপাদন-সংক্রান্ত নতুন প্রকল্প নিরৎসাহিত করা। একই সঙ্গে সরবরাহ ও সঞ্চালনা-সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের ওপর গুরত্ব পাবে বলে উল্লেখ করা হয়।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অবকাঠামো প্রকল্পগুলো বাস্তবায়ন ধীরগতির কারণ সম্পর্কে জানতে চাওয়া হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে উল্লেখ করা হয় স্থানীয় প্রকৌশল অধিদফতরের ওপর বেশি নির্ভরশীলতা হচ্ছে।
স্বাস্থ্যসেবা বিভাগের বৈদেশিক সহায়তা সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে আলোচনাকালে হতাশা প্রকাশ করা হয়। এই বিভাগের সংশোধিত এডিপিতে ৫৪ শতাংশ বরাদ্দ কমাতে হয়েছে। যে কারণে সভায় প্রকল্প পরিচালকদের পারফরম্যান্স বাড়ানোর তাগিদ দেওয়া হয় । শুধু তাই নয়, প্রকল্প পরিচালকদের নামসহ তাদের প্রকল্প সম্পর্কে একটি অবস্থান পত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।
সভায় উল্লেখ করা হয়, যেসব প্রকল্পের ক্ষেত্রে বৈদেশিক অর্থায়নের সুযোগ রয়েছে সেসব ক্ষেত্রে জিওবির পরিবর্তে প্রকল্প সহায়তার উৎস সন্ধান করতে হবে। দেশের সব মহাসড়ক ও সেতুতে যানবাহন চলাচলে গতিশীলতা আনতে টোল আদায়ের জন্য সম্পূর্ণ ডিজিটাইজেশন করা প্রয়োজন। যেন স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারে। সে লক্ষ্যে চলতি মাসে একটি সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ নিয়মিত চাঁদা প্রদান করে থাকে। এ ক্ষেত্রে সংস্থা সারা বিশ্বে বিভিন্ন সামাজিক, পরিবেশগত, অধিকার সংশ্লিষ্ট জীবনমান উন্নয়ন ইত্যাদি ছোট ছোট প্রকল্প কর্মসূচিতে অনুদান দেওয়া হয়। যে কারণে সভায় উল্লেখ করা হয়, আন্তর্জাতিক সংস্থার ফাইন্যান্সিং মডেলিটি সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন করার পরামর্শ দেওয়া হয়।

