আধুনিক পদ্ধতিতে মূল্যস্ফীতি ও জিডিপির তথ্য নির্ণয় পদ্ধতির অগ্রগতি কতদূর এগিয়েছে তা চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই বিষয়ে আইএমএফকে অবগত করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। স্বাধীনতার পর থেকে বিগত ৫০ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিক তথ্যও চেয়েছে সংস্থাটি।
মঙ্গলবার বিবিএসের মহাপরিচালক মো. মতিয়ার রহমানের দফতরে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল এ তিনটি বিষয়ে জানতে চান। বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদনের প্রায় ৩ মাস পর ঢাকায় স্টাফ কনসাল্টেশন মিশন পাঠায় আইএমএফ। সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছে।
আইএমএফের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বিবিএস ডিজি মতিয়ার রহমান বলেন, আমরা আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছি। তিনটি কাজের অগ্রগতির বিষয়ে প্রতিনিধি দল জানতে চেয়েছেন, আমরাও তাদের অবগত করেছি। আমরা বলেছিলাম জিডিপি তথ্য স্বাধীনতার পর থেকে বই আকারে প্রকাশ করব, তাই করা হচ্ছে। তিনি আরও বলেন, আইএমএফ মূল্যস্ফীতির নতুন মেথডে যাওয়ার বিষয়ে জানতে চেয়েছে। মূল্যস্ফীতির হিসাব যেভাবে করি এই পদ্ধতিতে আর করছি না, এটার পরিবর্তন হচ্ছে। এখন সারা বিশ্বে ৯৫ শতাংশ দেশ আইএমএফ মিক্স ম্যাথডে মূল্যস্ফীতি বের করছে। খাবার ও নানা পণ্যে নতুন নতুন আইটেম নিয়ে আসছি। নতুন মূল্যস্ফীতিতে খাদ্যপণ্য ১৫৩-এর জায়গায় ২৬৩টি হবে। ৭২০ পণ্য মিক্সড ম্যাথডে স্থান পাবে। নতুন মেথডে সিপিআই প্রকাশ হবে।
বিশ্বের প্রায় সব দেশ জিডিপির হিসাব বছরে ত্রৈমাসিক ভিত্তিতেই প্রকাশ করে থাকে। বাংলাদেশ করে বছরে একবার। প্রকৃত জিডিপির হিসাব কমতির দিকে থাকলে তা প্রকাশ করতে দেড় থেকে দুই বছর লাগিয়ে দেওয়ার উদাহরণও রয়েছে দেশে। আবার যে কাজ বিবিএসের করার কথা, তা অনেক সময় অর্থ মন্ত্রণালয়ও করে থাকে। ত্রৈমাসিক জিডিপি প্রসঙ্গে তিনি বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য বছরে চারবার প্রকাশ করবে সরকার। তবে তা শুরু হবে ২০২৪ পঞ্জিকা বছর থেকে। তথ্য-উপাত্ত নিয়ে আমরা কাজ করছি। এটা প্রস্তুতির অংশ হিসেবে। আইএমএফ এই বিষয়ে জানতে চেয়েছে।

