রেমিট্যান্সের পর বিদায়ি এপ্রিল মাসে কমল রফতানি আয়ও। একক মাসের হিসাবে এপ্রিলে রফতানি আয় কমেছে ১৬ দশমিক ৫২ শতাংশ।
এ মাসে রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৫০৫ কোটি মার্কিন ডলার। এর বিপরীতে এপ্রিলে রফতানি হয়েছে ৩৯৫ কোটি ৬০ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১ দশমিক ৬৭ ভাগ কম। গত বছরের এপ্রিল মাসে মোট রফতানি আয় হয়েছিল ৪৭৩ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার। সে অনুযায়ী গত বছরের এপ্রিল থেকে এ বছরের এপ্রিলে রফতানি আয় কমল ১৬ দশমিক ৫২ শতাংশ। বুধবার বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রফতানি আয়ের মাসিক যে তথ্য প্রকাশ করেছে তাতে এসব তথ্য উঠে এসেছে।
এদিকে ইপিবির তথ্যে আরও জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের ১০ মাসের (জুলাই-এপ্রিল) হিসাবে রফতানিতে আয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও গত বছরের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ। এই ১০ মাসে রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৭৩১ কোটি ৪০ লাখ ডলারের। এর বিপরীতে আয় হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি ৭৬ লাখ ২০ হাজার ডলারের। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে ৩ দশমিক ৪৬ শতাংশ। আগের অর্থবছরের (২০২১-২২) ১০ মাসে দেশে মোট রফতানি আয় হয়েছিল ৪ হাজার ৩৩৪ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ডলারের। সে হিসাবে গত বছরের ১০ মাসের চেয়ে এ বছরের ১০ মাসে আয় বেড়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ।
ইপিবির তথ্যে আরও জানা যায়, অর্থবছরের প্রথম ৯ মাসের চেয়ে ১০ মাসে এসে রফতানির প্রধান খাত তৈরি পোশাক রফতানির প্রবৃদ্ধিও কমেছে। জুলাই-মার্চ মাসে যেখানে তৈরি পোশাক খাত থেকে প্রবৃদ্ধি হয়েছিল ১২ দশমিক ১৭ শতাংশ সেখানে জুলাই-এপ্রিলে প্রবৃদ্ধি কমে হয়েছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। এ ছাড়া অন্যান্য প্রধান রফতানি পণ্যেরও আয় কমেছে গত ১০ মাসের হিসাবে।
এদিকে রফতানি আয় কমার পেছনে প্রধানত তিনটি কারণ উল্লেখ করছেন রফতানিকারক। এ বিষয়ে প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সময়ের আলোকে বলেন, মার্চ-এপ্রিলে এসে যে রফতানি আয় কমে যাবে সেটি আমি আরও তিন-চার মাস আগে থেকে বলে আসছি। আয় কমার পেছনে অন্যতম কারণ হচ্ছে-বিশ্ব বাজার থেকে নতুন কার্যাদেশ এখন ২৫ থেকে ৩০ শতাংশ কমে গেছে। কোনো কোনো বাজার থেকে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমেছে। এটিই হচ্ছে রফতানি আয় কমার প্রধান কারণ। এর বাইরে দ্বিতীয় কারণ হলো, গত মাসটি গেছে রোজা ও ঈদের মাস। এ মাসে উৎপাদন কম হয়েছে। আর মাসের শেষ সপ্তাহটি তো উৎপাদন এক রকম বন্ধই ছিল। উৎপাদন বন্ধ থাকায় এক সপ্তাহ রফতানিও বন্ধ ছিল। এর প্রভাবও পড়েছে রফতানি আয়ে। এর বাইরে আরেকটি কারণ ও বিড়ম্বনার জন্যও রফতানি আয় কমছে। সেটি হচ্ছে বন্দরে কাস্টমসের হয়রানি। এইসএস কোড-সংক্রান্ত জটিলতা তৈরি করে কাস্টমস কর্মকর্তারা অহেতুক বিড়ম্বনা তৈরি করেন। এতে করে দেখা দেয় নানা রকম জটিলতা, সময় মতো পণ্য রফতানি করা যায় না। তাদের কারণে রফতানিকারকরা হয়রানির শিকার হচ্ছে।
নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপত মোহাম্মদ হাতেম এ বিষয়ে সময়ের আলোকে বলেন, ‘রফতানি আয়ে যে ধস নামবে এটি আগে থেকেই অনুমেয় ছিল। তিন কারণে কমছে রফতানি আয়। প্রথমত রফতানি আদেশ কম আসছে ৪০ শতাংশ পর্যন্ত, ঈদের মাস হওয়ায় উৎপাদন কম হয়েছে এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণেও পোশাক উৎপাদন কম হয়েছে। এতে রফতানি বাধাগ্রস্ত হয়েছে। এ অবস্থা আরও তিন-চার মাস চলতে পারে।’
ইপিবির তথ্য বিশ্লেষণে খাতওয়ারি তথ্যে দেখে গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে তৈরি পোশাক, প্লাস্টিক পণ্য ও চামড়াবিহীন জুতা রফতানি ইতিবাচক ধারায় রয়েছে। অন্যদিকে চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল ও প্রকৌশল পণ্যের রফতানি কমে গেছে।
চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে ৩ হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এই রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি। এদিকে গত মার্চ পর্যন্ত চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি ইতিবাচক ধারায় ছিল। তবে এপ্রিল শেষে এই খাতের রফতানিও নেতিবাচক ধারায় চলে গেছে। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি দাঁড়িয়েছে ১০০ কোটিতে। এই রফতানি গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৫২ শতাংশ কম।
সার্বিক বিষয়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, এপ্রিল মাসে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য বিশ^বাজারে রফতানি হয়েছে ৩ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। এ ক্ষেত্রে বিশ^বাজারে ওভেন খাতের পোশাক পণ্য রফতানি হয়েছে ১ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। আর নিট খাতের পোশাক পণ্য রফতানি হয়েছে ১ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।
তিনি বলেন, শুধু এপ্রিল মাসে লক্ষ্যমাত্রা ছিল ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার আর অর্জন হয়েছে ৩ দশমিক ৩২ বিলিয়ন ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ পিছিয়ে রয়েছে।
চলতি অর্থবছরে (২০২২-২৩) পোশাক রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ৪৬ দশমিক ৮০ বিলিয়ন ডলার বা ৯ দশমিক ৮৩ শতাংশ। আর এখন পর্যন্ত ১০ মাসে পোশাক রফতানি অর্জিত হয়েছে ৩৮ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। তিনি বলেন, আগামী ২ মাসে (প্রতি মাসে) কমপক্ষে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার করে রফতানি হলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

