প্রতি বছর দেশে ৭৩ হাজার কোটি টাকার চোরাই সোনা দেশে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার রাজধানীর বসুন্ধরা শপিংমলে বাজুস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাজুস সহ-সভাপতি অনোয়ার হোসেন।
তিনি জানান, সারাদেশে বছরে সোনার চাহিদা ৪০ টন। অথচ দেশে বছরে আসছে ৫৪ টন সোনা। তাহলে বাকি সোনা কোথায় যাচ্ছে। এসব সোনা পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে। দেশের জুয়েলারি শিল্পের স্বার্থে এই স্বর্ণ চোরাচালান বন্ধ করা দরকার।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাজুস উপদেষ্টা রুহুল আমিন রাসেল, বাজুস সহ-সম্পাদক সমিত ঘোষ অপু, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের সদস্য সচিব পবন কুমার আগরওয়াল প্রমুখ।
সংবাদ সম্মেলনে বাজুস সহ-সভাপতি আনোয়ার হোসেন বলেন, প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশের আগে আমরা জুয়েলারি শিল্পের বিকাশে ও এ শিল্পের উদ্যোক্তা ও ক্রেতার স্বার্থে ১২টি প্রস্তাবনা তুলে ধরেছিলাম জাতীয় রাজস্ব বোর্ডে। অথচ বাজেট পেশের পর আমরা দেখলাম আমাদের ১১ টি দাবিই উপেক্ষিত হয়েছে, দাবি বাস্তবায়ন হয়েছে মাত্র একটি। তাই এই বাজেটে জুয়েলারি শিল্পের প্রত্যাশা পূরণ হয়নি। বাজেট পাশের আগে আমাদের বাকি ১১টি শর্তও পূরণের জোর দাবি জানাচ্ছি।
আনোয়ার হোসেন আরো বলেন, প্রস্তাবিত বাজেট জুয়েলারি শিল্পের উদ্যোক্তাদের চরমভাবে হতাশই করেনি, এই বাজেট পাশ হলে জুয়েলারি শিল্প হুমকির মুখে পড়বে। তাই আমরা অলংকার বিক্রির ক্ষেত্রে আরোপিত ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ৩ শতাংশ ধার্য করাসহ অন্যান্য দাবিগুলো বাস্তবায়নে আবারো আহবান জানাচ্ছি।

