দুই মাসের ব্যবধানে আবার আসছে আইএমএফ প্রতিনিধি দল। ১২ দিনের সফরে আজ এসেই প্রতিনিধি দল সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন।
আগামী ১৭ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করে মূলত আর্থিক খাতের সংস্কার অগ্রগতি নিয়ে কথা বলবেন বলে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, আইএমএফ ঋণ দেওয়ার ক্ষেত্রে যেসব বিষয়ে শর্ত দিয়েছে তা বাজেটে কতটুকু প্রতিফলন হয়েছে তা তারা দেখতে চায়। পাশাপাশি চলতি নতুন অর্থবছরের বাজেটে কোথায় কী পরিমাণ ভর্তুকি দেওয়া হয়েছে তার একটি যুক্তিসংগত ব্যাখ্যা পেতে চায়। প্রতিনিধি দল আর্থিক খাতে সংস্কারের ক্ষেত্রে আয়কর আইন ও ব্যাংক কোম্পানি আইন নিয়ে পর্যালোচনা করবে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আইএমএফ তাদের নির্ধারিত পদ্ধতি অবলম্বন করছে কি না তা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে আলোচনা করবেন বলে জানা গেছে। কারণ ঋণ চুক্তির সময় কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেসব সংস্কার কোন পর্যায়ে রয়েছে তা জানার আগ্রহ রয়েছে আইএমএফের। মূলত ঋণের প্রথম কিস্তি ছাড়ের পর থেকে নজরদারি বাড়িয়েছে তারা। শুধু তাই নয়, বাকি শর্ত বাস্তবায়নে জোর তাগিদও রয়েছে।
জানা গেছে, আইএমএফ প্রতিনিধি দল পর্যায়ক্রমে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকের পাশাপাশি বেসরকারি খাতের বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন। খেলাপি ঋণের ব্যাপারে তাদের বেশ কৌতূহল রয়েছে। যে কারণে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বৈঠকে খেলাপি ঋণ কমানোর চেয়ে কী পরিমাণ অর্থ আদায় করতে পেরেছে, সেটাই হবে আলোচনার মুখ্য বিষয়।
আইএমএফ মোট ঋণের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের মধ্যে গত ফেব্রুয়ারিতে প্রথম কিস্তি হিসেবে ৪৭ কোটি ৬২ লাখ ডলার পায় বাংলাদেশ । এই ঋণ দেওয়ার পর আইএমএফ প্রতিনিধি দল গত এপ্রিল মাসে ঢাকায় আসে। সে সময় কোনো ধরনের দ্বিতীয় কিস্তি পাওয়ার ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়নি। বরং বাংলাদেশের অর্থনৈতিক সূচকের প্রতিটি স্তর জানতে চেয়েছে।
চলতি বছর ৩০ জানুয়ারি আইএমএফ বোর্ড সভায় বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। অনুমোদনের অল্প সময়ের ব্যবধানে প্রথম কিস্তি দেয় আইএমএফ। ৭ কিস্তিতে আগামী ২০২৬ সাল পর্যন্ত এই ঋণ প্রদান করবে আইএমএফ। এখন দ্বিতীয় কিস্তি পাওয়ার আগে তারা আরও কিছু বিষয় পর্যবেক্ষণ করতে চায় বলে জানিয়েছে অর্থ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা। বিশেষ করে বিদ্যুতের দাম বাড়ানো, গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করতে চায়। এ ছাড়াও আর্থিক খাতে সংস্কারের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় রয়েছে তাদের।
জানা গেছে, এই প্রতিনিধি দল চলে যাওয়ার পর আগামী অক্টোবর মাসে দ্বিতীয় ঋণের কিস্তি ছাড়ের আগে আইএমএফের কারিগরি মিশন ঢাকায় আসবে। মিশন জাতীয় রাজস্ব বোর্ড, পরিসংখ্যান ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয়সহ আরও কয়েকটি সংস্থার সঙ্গে আলাদাভাবে বৈঠক করবে। আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বিশ্ব ব্যাংকের কয়েকজন সদস্য যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

