দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাফে ২ হাজার ৪০৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। রোববার (৩০ নভেম্বর) থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা স্বর্ণ) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ২০ নভেম্বর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। ১০ দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।
বাজুস সূত্রে জানা গেছে, অস্থির এই বাজারে চলতি বছর এ পর্যন্ত মোট ৮১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৫ বারই দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২৬ বার। গত বছর (২০২৪) দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

