দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। এর আগে গত জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮৫ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। অর্থাৎ ব্যাংকগুলো যে পরিমাণ ঋণ বিতরণ করেছে, তার প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি ঋণের তালিকায়।
শুধু গ্রস খেলাপি ঋণ নয়, বেড়েছে নিট খেলাপি ঋণের হারও। জুন শেষে নিট খেলাপি ঋণের হার ছিল ১৫ দশমিক ২২ শতাংশ। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশে।
এ হিসাবে ব্যাংক খাতে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের মধ্যে প্রায় ৩৪ টাকা খেলাপি হয়ে পড়েছে, যা ব্যাংক খাতের ঋণ আদায়ের পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।
বিএইচ




