যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) দুপুরে শিকাগো সিটি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সড়কটির নামফলক উন্মোচন করে।
বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তাঁর ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ সড়কটির নামকরণের চূড়ান্ত অনুমোদন দেয়।
‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way) নামে নামকরণ করা সড়কটি বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের (সাবেক সিয়ার্স টাওয়ার) পাশে অবস্থিত।
শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা উইলিস টাওয়ারের পাশে সড়কটির অবস্থান হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে ২০১৪ সালে শিকাগোতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেও একটি সড়কের নামকরণ করা হয়েছিল।
বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যারা এই ঐতিহাসিক নামকরণের আবেদন করেছেন, শাহ্ মোজাম্মেল নান্টুসহ তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এই প্রয়াসে সামান্য একজন অংশীদার হতে পেরে আমরা গর্বিত।’
তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটি পাসের পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়।
বিএইচ




