অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে প্রকৃত বিক্রির তথ্য গোপন করে ভ্যাট ফাঁকির ঘটনা শনাক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে দেখা গেছে, গত আগস্ট মাসে দেশের ২৯টি রেস্তোরাঁ প্রায় ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকার বিক্রির তথ্য গোপন করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মূসক গোয়েন্দাদের তদন্ত অনুযায়ী, ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড—এই তিনটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ২৯টি রেস্তোরাঁর মোট বিক্রি হয়েছে ৬ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৯১৫ টাকা। অথচ প্রতিষ্ঠানগুলো মাসিক ভ্যাট দাখিলপত্রে ডাইন-ইন, পার্সেল ও অনলাইনসহ মোট বিক্রি দেখিয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ১২৫ টাকা। অর্থাৎ বিক্রির প্রায় ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকার হিসাব গোপন করা হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সাধারণত একটি রেস্তোরাঁর মোট আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ আসে অনলাইন অর্ডার থেকে। বাকি ৯০ শতাংশ আয় হয় সরাসরি বিক্রয়কেন্দ্র থেকে। তবে অনুসন্ধানে দেখা গেছে, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো সরাসরি বিক্রির হিসাব তো দূরের কথা, অনলাইনে হওয়া বিক্রির তথ্যও সঠিকভাবে দাখিল করেনি।
অনুসন্ধানে বার্গার এক্সপ্রেসের বনানী, কলাবাগান, মিরপুর, মোহাম্মদপুর ও বেইলি রোড শাখায় মোট ৯৭ লাখ ৮৩ হাজার টাকার বেশি বিক্রির তথ্য গোপনের বিষয়টি উঠে এসেছে। এর মধ্যে শুধু বনানী শাখায় ২৯ লাখ ৩৮ হাজার টাকার অনলাইন বিক্রির বিপরীতে ভ্যাট রিটার্নে দেখানো হয়েছে মাত্র ২ লাখ ৪২ হাজার টাকা।
পিৎজা বার্গের মিরপুর, উত্তরা ও গুলশান-১-সহ ৯টি শাখায় অনলাইন বিক্রি হয়েছে ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৩১ টাকা। কিন্তু দাখিলপত্রে দেখানো হয়েছে ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪০ টাকা। ফলে প্রতিষ্ঠানটি ৮৪ লাখ ৫ হাজার ৯৯১ টাকার বিক্রির হিসাব গোপন করেছে।
সুলতান’স ডাইনের গুলশান, মিরপুর, সিলেট ও চট্টগ্রাম শাখায় ১ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকার বেশি অনলাইন বিক্রির বিপরীতে রিটার্নে দেখানো হয়েছে ১ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা। এতে ৫০ লাখ ৪ হাজার ৯৭৮ টাকার বিক্রির তথ্য গোপনের বিষয়টি ধরা পড়েছে।
এ ছাড়া চিলক্সের বনানী, মোহাম্মদপুর ও খিলগাঁও শাখায় ২৬ লাখ ৩ হাজার ৬০১ টাকার বিক্রির হিসাব গোপনের তথ্য পাওয়া গেছে। ধানমন্ডির লালবাগ বিরিয়ানি হাউসের ১৪ লাখ ৮ হাজার টাকার অনলাইন বিক্রির বিপরীতে রিটার্নে দেখানো হয়েছে মাত্র ১ লাখ ২০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির ১২ লাখ ৮৮ হাজার ৩৬৭ টাকার বিক্রির তথ্য গোপন করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড—এই তিনটি প্ল্যাটফর্মে যুক্ত রেস্তোরাঁর সংখ্যা ৬ থেকে ৭ হাজার। মাত্র ২৯টি প্রতিষ্ঠানের এক মাসের হিসাব যাচাইয়ে প্রায় ৩ কোটি টাকার বিক্রির তথ্য গোপনের ঘটনা পাওয়া গেছে। সব প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের হিসাব যাচাই করা হলে শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য বেরিয়ে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় দেশের সব ভ্যাট কমিশনারকে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোর গত পাঁচ বছরের অনলাইন বিক্রির তথ্য সংগ্রহ করে মূল ভ্যাট রিটার্নের সঙ্গে মিলিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বকেয়া রাজস্ব আদায়ে পাঁচ দফা জরুরি নির্দেশনা জারি করেছে এনবিআর।





