বায়ু মানুষের জীবনধারণের অপরিহার্য উপাদান। কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাস এখন জীবনের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশের বায়ুদূষণ এখন শঙ্কার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
পরিবেশবিদরা বলছেন, দূষণ কমাতে হলে সরকারকে অবিলম্বে দায়ী খাতগুলো নিয়ন্ত্রণে আনতে হবে। সরকারের সমন্বিত উদ্যোগ ছাড়া বায়ুদূষণ কমানো সম্ভব নয়। কিন্তু সেটা গ্রহণ করা হবে কি না তার কোনো পদক্ষেপ এখনও চোখে পড়ছে না।
বায়ুদূষণের তালিকায় ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল সবার ওপরে। আর রাজধানী শহর হিসেবে ঢাকার অবস্থান ছিল বিশ্বের মধ্যে দ্বিতীয়। গত মঙ্গলবার ‘বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন ২০২৩’-এ এসব তথ্য তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে পাকিস্তান ও ভারত। আর দূষিত রাজধানীর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের নয়াদিল্লি। এ সংবাদের পরে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বাংলাদেশে পরিবেশ দূষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে।
বাংলাদেশে ২০১৯ সালে বায়ুদূষণসহ চার ধরনের পরিবেশ দূষণে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের অকাল মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫৫ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে বায়ুদূষণের কারণে। এছাড়া দূষণের কারণে ওই বছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৭ দশমিক ৬ শতাংশ সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বে সবচেয়ে বেশি দূষিত বায়ুর শহরের তালিকায় উপরের দিকে থাকছে ঢাকা। বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বাংলাদেশে পরিবেশ দূষণের ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, বায়ুদূষণ, অনিরাপদ পানি, নিম্নমানের পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি এবং সিসা দূষণ বছরে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের অকাল মৃত্যুর কারণ। এর ফলে বছরে ৫২২ কোটি দিন অসুস্থতায় অতিবাহিত হয়। ঘরের ও বাইরের বায়ুদূষণ স্বাস্থ্যের ওপর সবচেয়ে ক্ষতিকর প্রভাব ফেলে। এই ক্ষতির পরিমাণ ২০১৯ সালের জিডিপির ৮ দশমিক ৩ শতাংশের সমান।
বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ উদ্বেগজনক মাত্রার দূষণ ও পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এটা তুলনামূলক বেশি ক্ষতি করছে দরিদ্র, পাঁচ বছরের কম বয়সী শিশু, বয়স্ক ও নারীদের। এটা আমাদের জন্য বিপদের সংবাদ। আমরা আমাদের সৃষ্টি করা নানা দূষণের মাধ্যমে বায়ুর এ অবস্থা করে ফেলেছি। দেশের পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে যারা দায়িত্বে, তাদের এখন অনেক বেশি সজাগ হওয়ার দরকার। নয়তো ভবিষ্যৎ প্রজšে§র জন্য এক দুর্বিষহ অবস্থা অপেক্ষা করছে। ২০২২ সালে বাংলাদেশের বাতাসে পিএম ২.৫-এর উপস্থিতি ছিল ৬৫ দশমিক ৮। অর্থাৎ এক বছরে এর পরিমাণ ২০ শতাংশ বেড়েছে। নগর হিসেবে দূষণের দিক থেকে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে মূল কথা হলো আইকিউএয়ারের এই প্রতিবেদন একটি অশনিসংকেত। আমাদের নগর আর পুরো দেশের জন্যই জরুরিভিত্তিতে বায়ুদূষণ রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যেসব উৎস থেকে দূষণ হচ্ছে, সেখানে শূন্য সহিষ্ণুতা দেখানো ছাড়া কোনো বিকল্প নেই। কারণ ইতোমধ্যে দেখা গেছে ঢাকার প্রায় শিশুই বায়ুদূষণজনিত রোগে ভুগছে। বয়স্করাও অ্যাজমা-হাঁপানির মতো রোগে ভুগছে। দেশে বায়ুদূষণের বড় কারণ হলো নির্মাণাধীন অবকাঠামো। গাড়ির কালো ধোঁয়াও দায়ী। এগুলো নিয়ন্ত্রণে সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কিন্তু সংকটের বিষয় হলো বাংলাদেশে পানিদূষণ কিংবা অন্যান্য দূষণ নিয়ে যত কাজ হয়, বায়ুদূষণ নিয়ে ততটা হয় না। পক্ষান্তরে বায়ুদূষণের মাত্রাটা খুবই ভয়াবহ। ফলে এ সমস্যা সমাধানে একটি সামগ্রিক চিন্তা ও পরিকল্পনা জরুরি। জনসচেতনতা সৃষ্টিই পারে বিভিন্ন রকমের দূষণের ভয়াবহতা কমাতে। পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগও নিশ্চিত করতে হবে। সরকারের বিভিন্ন বিভাগ ও কর্তৃপক্ষ সমন্বিতভাবে কোনো উদ্যোগ নিতে না পারলে পরিস্থিতি সামনের দিনগুলোয় ভয়াবহ আকার ধারণ করবে।
মানবকণ্ঠ/এসআরএস

