দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে করোনা পরিস্থিতি থেকে। ক্রমেই নানান কারণে বাড়ছে নিত্যপণ্যের দাম। এই দামের পিছনে সবচেয়ে বেশি যেটা কারণ সেটার একটা কারণ হলো- অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট।
প্রতি বছর রমজান শুরুর আগে থেকেই বাজারে নিত্যপণ্যের মূল্য তুলনামূলকভাবে অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। রমজান মাস আসলেই অসাধু ব্যবসায়ীরা আরো সক্রিয় হয়। ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্য ক্রমেই বৃদ্ধি পায়।
কয়েক দিন আগের কথা রোজার শুরুর দিকে পত্র-পত্রিকাতে তরমুজের অস্বাভাবিক দাম বৃদ্ধির খবরটা রীতিমতো তোলপাড় হয়ে গেল। কোনো কোনো বাজারে ছোট সাইজের একটি তরমুজ ২০০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। আবার মাঝারি সাইজের প্রতি পিস ৩০০ টাকা থেকে ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছিল। বড় সাইজের প্রতিটি তরমুজ ৫০০-৮০০ টাকা থেকে সর্বোচ্চ দরে হাঁকিয়ে বিক্রি করা হচ্ছিল। তরমুজের পর গরুর মাংসেও বিভিন্ন যায়গায় অস্বাভাবিক হারে দাম বেড়েছে।
বিশ্লেষকরা বলছে, এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি ও ক্রেতাদের অতিরিক্ত চাহিদাই দায়ী। একটা বিষয় প্রতিনিয়তই আমরা লক্ষ্য করছি যেটা হলো- অসাধু ব্যবসায়ীরা যখনই সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধির কৌশল করছে, তখনই আমরা ক্রেতারা কেন জানি ওই পণ্যটাই সবচেয়ে আগে প্রয়োজন মনে করে লাইন দিয়ে কিংবা বাজারে হুড়াহুড়ি করে ক্রয় করার জন্য মরিয়া হয়ে যাই। এতে করে অসাধু ব্যবসায়ীদের কৌশল সফলতা লাভ করে।
ইতোমধ্যে প্রান্তিক পর্যায়ে হত দরিদ্র ক্রেতারা ওই পণ্যটা ক্রয় করতে রীতিমতো হিমশিম খেয়ে যায়। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করে আমরা আম জনতা গলা ফাটাই কিন্তু অসাধু ব্যবসায়ীদের অবৈধ লাভ করার কৌশলকে ধ্বংস করার জন্য একটু কষ্ট করে উক্ত পণ্যটি সামান্য কিছু দিনের জন্য বর্জন করতে পারি না কিংবা উক্ত পণ্যের বিকল্প পণ্য ব্যবহারের পথ খুঁজি না। শুধু ব্যবসায়ী সিন্ডিকেট দমনে বা নিয়ন্ত্রণে প্রশাসনকে দায়ী করে দায় সাড়ি!
প্রশ্ন হলো- প্রশাসনের কি একার পক্ষে অসাধু ব্যবসায়ীদের দমন করতে পারবে নাকি ক্রেতাদেরও ওসব পণ্য ক্রয় করতে সচেতন হতে হবে? অবশ্যই এসব সিন্ডিকেট ভাঙতে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। তা না হলে আমাদের সাধারণ ভোক্তাদের প্রতিনিয়তই পণ্য ক্রয়ের ক্ষেত্রে জিম্মি দশা ভোগ করতে হবে।
চলতি বছরের ২৫ মার্চে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন চত্বরে ন্যায্যমূল্যে পিস হিসাবে তরমুজ বিক্রয় কার্যক্রমের উদ্বোধনে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশে প্রতিটি স্তরেই ভয়াবহ সিন্ডিকেট বিদ্যমান রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, সিন্ডিকেট শুধু পাইকারি বা খুচরা ব্যবসায়ীদের মধ্যে নয়, পরিবহন সেক্টরেও ব্যাপকমাত্রায় দেখা যায়, যার কারণে চাইলেও বিক্রেতারা কম মূল্যে পণ্য বিক্রি করতে পারেন না। এ সিন্ডিকেট ভাঙতে হলে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।
এ সময় তিনি বলেন, সিন্ডিকেট আসলে সব জায়গায়। আমরা দেখেছি, ট্রাকের ভাড়া এমনিতে ৪০ হাজার টাকা, তরমুজ বিক্রি করতে চাইলে সেই ট্রাকের ভাড়া ৬০ হাজার টাকা হয়ে যায়। আমের সময় দেখি ট্রাক ভাড়া ৫০ শতাংশের মতো বেড়ে যায়। কুরবানির পশুর সময়ও দেখি একই ঘটনা ঘটে।
ভোক্তার ডিজি বলেন, আমরা চাই এসএমই ফোরামসহ অন্যান্য তরুণ উদ্যোক্তা যারা আছেন, সবাই এগিয়ে আসুক। আমরা সবাইকে সহযোগিতা করছি এবং করবো। তারা ট্রাকে করে বিভিন্ন জায়গায় বিক্রি করবে। এক্ষেত্রে যদি কোনো বাধা আসে, সেটি দূর করার কাজটা আমরা করছি।
মি. সফিকুজ্জামান ২৮ ফেব্রুয়ারি,২৪ তারিখে নারায়গঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে আয়োজিত অ্যাডভোকেসি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘এমন কোনো পণ্য নেই যা এদেশে নকল হচ্ছে না। সত্যিকার অর্থে যদি কেউ সৎভাবে ব্যবসা করতে চান, তিনি এদেশে টিকে থাকতে পারবেন না। আলোচিত ব্যবসায়ী খলিল কম দামে মাংস বিক্রি করায় হত্যার হুমকি পান। হার্টের রিং, ডায়াবেটিকের স্ট্রিক পর্যন্ত নকল হচ্ছে। কী ভয়াবহ ব্যাপার। আমরা নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে অভিযান চালিয়ে দেখেছি, সেখানকার সব পণ্য নকল’।
অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকেরা বলছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহজ হবে না। তার কারণ তিনটি। প্রথমত, উৎপাদন ও পরিবহন খরচ কমাতে গ্যাস, বিদ্যুৎ ও ডিজেলের দাম কমানো দরকার। সরকারের পক্ষে সেটি কঠিন। দ্বিতীয়ত, আমদানি বাড়িয়ে বাজারে প্রতিযোগিতা বাড়ানো দরকার; কিন্তু মার্কিন ডলারের সংকটে ব্যবসায়ীরা সহজে ঋণপত্র (এলসি) খুলতে পারছেন না। ডলারের বাড়তি দামের কারণেও খরচ বেড়েছে। তৃতীয়ত, কিছু কিছু পণ্যে উচ্চ হারে শুল্ক-কর রয়েছে। সেখানেও ছাড় দেওয়া সরকারের পক্ষে সহজ নয়। কারণ, সরকার রাজস্ব ঘাটতিতে রয়েছে।
তথ্য মতে, ২০২২ সালের মে মাসের দিকে দেশে মার্কিন ডলারের দাম ছিল ৮৬ টাকার আশপাশে। এখন আমদানিতে নির্ধারিত দর ১১০ টাকা। যদিও ব্যবসায়ীরা বলছেন, আমদানির ক্ষেত্রে ডলার কিনতে তাদের ১২৪ টাকাও লাগছে। ফলে এ সময়ে শুধু ডলারের দামের কারণে পণ্য আমদানির ব্যয় বেড়েছে ৪৪ শতাংশ। গম, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, আদা ও জিরার মতো নিত্যপণ্য এবং নিত্যব্যবহার্য পণ্যের কাঁচামাল আমদানির ব্যয় বাড়িয়ে দিয়েছে ডলারের দর।
বাজার নিয়ন্ত্রণ করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কিছুই করতে পারছে না। চলতি বছরের ২২ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী কারসাজি করে পণ্যের মূল্য বৃদ্ধিকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কারসাজি করে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে। কেউ অবৈধভাবে এবং দুরভিসন্ধিমূলকভাবে অস্বাভাবিক মজুত করে দাম বাড়ালে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে সঙ্গে সঙ্গে শাস্তির ব্যবস্থা করা হবে। কারসাজি করে দাম বাড়ালে জেলে পাঠানো হবে। কিন্তু তারা এতটাই বেপরোয়া যে, প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞাকেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন।
পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী-‘দেশের ৩৭ শতাংশ মানুষ ঋণ করে সংসার চালায়’। মানুষের আয়ের সাথে ব্যয়ের হিসেব মেলে না! নিম্ন মধ্যবিত্তের সংসারে প্রতিনিয়ই চিন্তার ভাঁজ! সংসারে অভাবের টানাপোরেনের কারণে বাড়ছে পারিবারিক অশান্তি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধসহ বিভিন্ন দেশের যুদ্ধাবস্থার কারণে পৃথিবী জুড়েই সৃষ্টি হয়েছে ভয়াবহ অর্থ ও খাদ্যসংকট। বাংলাদেশে গত দুই বছর ধরে ধাপে ধাপে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। লাগামহীন এসব পণ্য এখন সাধারণ মানুষের নাগালের বাহিরে। যা তাদের দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। রমজানে এই মূল্যবৃদ্ধি যে চরম রূপ ধারণ করেছে তা বলার অপেক্ষা রাখে না।
মুক্তিযুদ্ধের চেতনায় এদেশের ভাগ্য উন্নয়নে সকলের সার্বিক সহায়তায় কাজ করে যাওয়া উচিৎ। সে লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। কিছু ক্ষেত্রে জনগণকে ভোগান্তিসহ দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করছে অসাধু চক্র। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কবলের প্রভাব আমাদের দেশের ওপরই কিছুটা বিরাজ করছিল কিন্তু সরকারের গৃহীত পদক্ষেপ ও দূরদর্শিতার কারণে আমরা অনেকটা স্বস্তি পাচ্ছিলাম। এদেশের মানুষের মঙ্গল যারা চায় না তাদেরই অংশ ব্যবসায়ী সিন্ডিকেট। জনগণের মঙ্গলার্থে এসব সিন্ডিকেট ভাঙা এখন অতিব জরুরি হয়ে পড়েছে।
সিন্ডিকেটের কারসাজি বন্ধ করার দায়িত্বে ব্যবস্থা গ্রহণ করা মূলত সরকারের কাজ। অসাধু ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো পণ্যের দাম বাড়াবে আর কর্তৃপক্ষ হাত গুটিয়ে বসে থাকবে, তা হতে পারে না। ব্যবসায়ী সিন্ডিকেটদের দমনে বা আইনের আওতায় আনার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কিন্তু সেটা আরো জোরালো ও কার্যকরী পদক্ষেপ হতে হবে। এসব অসাধু সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি ক্রেতাদেরও উক্ত পণ্যের ব্যবহার কমানো বা বিকল্প পণ্য ব্যবহারের মানসিকতা তৈরি হলে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে পারে।
লেখক: আইনজীবী ও কলামিস্ট।
মানবকণ্ঠ/এফআই

