ছাত্ররাজনীতি শুধুমাত্র ছাত্রর আন্দোলনকে কেন্দ্র করেই গড়ে উঠেছিলো। এক সময় ছাত্ররাজনীতি থেকে উঠে আসতো সারাদেশের রাজনৈতিক নেতৃত্ব। বাংলাদেশের বড় সব আন্দোলন হয়েছে ছাত্রদের নেতৃত্বে। সেই ছাত্র রাজনীতি আজ অতীত। ইতিপূর্বে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ছাত্র সংগঠনের কার্যক্রম ছিলো। কিন্তু রাজনৈতিক সংকট ছাত্ররাজনীতিকে সবচে বেশি প্রভাবিত করেছে। যার কারণে রাজনৈতিক সংস্কৃতি উঠে গেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে। ছাত্ররাজনীতির নামে যেটা চলে তার প্রমাণ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যৌননিপীড়ন, ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকাণ্ড। বুয়েটে আবরার হত্যা যার প্রত্যক্ষ প্রমাণ। আবরার হত্যার পরে বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সাড়ে চার বছর আগে বুয়েট কর্তৃপক্ষের জারি করা ‘জরুরি বিজ্ঞপ্তি’র কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। ২০১৯ সালের ১১ অক্টোবর শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার পর ওই ‘জরুরি বিজ্ঞপ্তি’ জারি করেছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। এর বৈধতা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন গত সোমবার রিটটি করেন।
বুয়েট কর্তৃপক্ষের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেশক্রমে নিষিদ্ধ করা হলো।’ এ বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, হাইকোর্টের দেওয়া রুলে তা জানতে চাওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, বুয়েটের উপাচার্য ও রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
হাইকোর্টের শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে ২০১৯ সালে বিজ্ঞপ্তি দেয়। কোন আইনে, কেন ও কিসের বলে এটি করা হলো, এর কোনো কারণ বলা হয়নি। এটি চলমান (রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা) রয়েছে, যে কারণে রিট আবেদনকারী সংক্ষুব্ধ। কারণ বুয়েট কর্তৃপক্ষ ওই ‘জরুরি বিজ্ঞপ্তি’ জারি করে, যার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়। এর প্রায় সাড়ে চার বছর পর গত ২৭ মার্চ মধ্যরাতের পর ছাত্রলীগের কিছু নেতা-কর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন এবং রাজনৈতিক কার্যক্রম চালাতে শুরু করেন। এমনটি উল্লেখ করে ২৯ মার্চ আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, ২৭ মার্চ মধ্যরাতের পর ক্যাম্পাসে ‘বহিরাগতদের’ প্রবেশ ও রাজনৈতিক সমাগমের ‘সংগঠক’ শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েটের হল থেকে তার সিট (আসন) বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অন্যদিকে হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গত সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে বুয়েটে ক্যাম্পাসে শহীদ মিনারের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে (প্রতিকৃতি) ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন একদল শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা আবারও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি জানান।
সাধারণ ছাত্রছাত্রীদের দাবি প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আইনুন নিশাত বলেছেন, আমি মনে করি, এ ধরনের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অন্য বিশ্ববিদ্যালয়ের মতো হওয়া উচিত নয়। আবরার হত্যাকাণ্ডের ঘটনা বুয়েটের শিক্ষার্থীরা ভোলেননি। সেই পরিপ্রেক্ষিতে যদি শিক্ষার্থীরা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁদের কথা চাপিয়ে দিতে পারেন না।
অন্যদিকে বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেছেন, ‘আদালতের আদেশ শিরোধার্য। আদালত আমাদের যে নির্দেশনা দেবেন, আমরা সেই নির্দেশনা মেনে চলব। আমরা মনেকরি ছাত্র রাজনীতির যে চিত্র আমরা দেখছি, তাতে অভিভাবকরা আতঙ্কিত। তাছাড়া সাধারণ ছাত্র-ছাত্রী যেটা চায় না সেটা একটা ক্যাম্পাসে চালু করা কতটা রীতিসিদ্ধ সেটা ভেবে সিদ্ধান্ত নেয়া উচিত।
মানবকণ্ঠ/এআই

