প্রতিবছর চৈত্রমাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীর বারুণী উপলক্ষে রাজারগাঁও, তাহিরপুর, সুনামগঞ্জের জাদুকাটা নদীর পাড়ে অদ্বৈত আচার্য গোস্বামীর মন্দিরকে ঘিরে জমা হতে থাকে লক্ষ লক্ষ পুণ্যার্থী। এখানেই পণতীর্থ, লোক মুখে পণাতীর্থ নামে যে তীর্থস্থান। সেখানে স্নান ও তর্পণের উদ্দেশ্যে মেঘালয় চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ি ঢলের মতো জাদুকাটা নদীতে নামে মানুষের ঢল।
কথিত আছে বৈষ্ণব সাধক অদ্বৈত আচার্য্য যার বাল্য নাম কমলাক্ষ মিশ্র তাঁর মাতা নাভা দেবীর সপ্ততীর্থ বারি অবগাহনের ইচ্ছে জাগে। দৈহিকভাবে অদ্বৈত মাতা নাভা দেবী সে ইচ্ছে পূরণে অসামর্থ্য ছিলেন। মাতার ইচ্ছে পূরণের জন্য তিনি পণ করলেন মাতা সম্মুখে বইবে সপ্ত তীর্থের পুণ্য বারিধারা।। কমলাক্ষ নিকটস্থ শৈল শিকড়ে অস্থান করে সপ্ততীর্থ বারিকে আবাহন করলেন এবং প্রাতে তীর্থ বারির অবারিত ধারা বইতে লাগলো। মা নাভা দেবী সে সপ্ততীর্থ জলে স্নাত হয়ে পুত্রকে আশীর্বাদ করলেন। অদ্বৈত আচার্য গোস্বামীর সে পণ রক্ষা থেকেই এই তীর্থ আজ লোকমুখে পণাতীর্থ, পণতীর্থ।
প্রচলিত আছে “সব তীর্থ বারবার পণতীর্থ একবার”। সব তীর্থ বারবার স্নানে যে পুণ্য লাভ হয় পণতীর্থ একবার স্নানে সেই পুণ্য লাভ হয়ে থাকে। কারণ সেখানে সপ্ত গঙ্গা একসাথে প্রবাহিত হয় উক্ত তিথিতে। তাই সব তীর্থ স্নান করলেও পণতীর্থে স্নান আবশ্যক।
সড়ক ও নদী দু’ভাবেই যোগাযোগ ব্যবস্থা থাকলেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রীদের নৌপথে আসার প্রবণতাই বেশি দেখা যায়। গাড়ি সিএনজি, অটো মোটরসাইকেল বিভিন্নভাবে লোকজন আসে। দু এক দিন আগে থেকেই যাত্রী বোঝাই ট্রলার করে লোকজন এসে কাছাকাছি অবস্থান নেয়। থাকা খাওয়া, অব্যবস্থাপনায় চরম দুর্ভোগ সহ্য করে পুণ্যার্থীদের এই বিশাল জমায়েত আশ্চর্যই বটে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসলেও নেত্রকোনা-সুনামগঞ্জ-সিলেট অঞ্চলের হিন্দুরা প্রতিবছরেই স্বতঃস্ফূর্ত ও নিয়মিত অংশগ্রহণ করে এখানে। হিন্দু সম্প্রদায়ের মানুষজনের জন্য এটা শুধু উত্সবেই নয় বারণী তিথির এ স্নান তাদের ধর্মীয় সংস্কৃতিরও অংশ।
এ বছরের এ পুণ্যস্নানের তিথি ছিল ৬ সেপ্টেম্বর শনিবার। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুই পাড়ে শত শত ট্রলারে করে লক্ষ লক্ষ যাত্রী পৌঁছে গেছে। সুবিধাজনক জায়গায় এসব ট্রলার ভিড়ানো নিয়ে ট্রলারের মাঝি মাল্লা, যাত্রী, ম্যানেজার, ব্যবস্থাপকদের হৈ হল্লা কথাবার্তা।
জাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের নিচে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থাপনা। ট্রলারগুলোর নিজস্ব আলো-আধারি, লোকজনের হৈচৈ। সন্ধ্যা থেকেই আকাশের ঘন ঘন বিদ্যুত্ চমকানো, নদীর ওপর ভারি হয়ে জমে থাকা ঘন কালো মেঘ, ভ্যাপসা গরমে কাতর হলেও অজানা আশঙ্কার মধ্যই ট্রলার ভিড়তে না ভিড়তেই মন্দির দর্শন ও আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ছে অনেকেই।
নদীপাড়ে বসেছে বারণি উপলক্ষে বালুর চরের দুপাড়ে নানা রকম পণ্যের পসরা। অগণিত তীর্থ যাত্রীরা যেমন চট, চাদর, পলিথিন যে যা পারে বিছিয়ে রাত্রিবাসের অস্থায়ী আবাসন করে বসে গেছে। তেমনি অপেক্ষমাণ ট্রলারগুলোতেও রাত্রিবাসের আয়োজন। আশেপাশে থাকার জন্য হোটেল নেই। খোঁজ নিয়ে জানা যায় কাছাকাছি বলতে যান বাহনে আধা এক ঘন্টার দূরত্ব বাধাঘাট, তাহিরপুর, সুনামগঞ্জে থাকা খাওয়ার মতো হোটেল আছে।
জাদুকাটা নদীর এক পাড়ে অদ্বৈত আচার্য গোস্বামীর মন্দির। অন্য পাড়ে ইস্কন মন্দির। তীর্থ যাত্রীরা দুপাড়েই নিজেদের ইচ্ছেমতো ছড়িয়ে পড়ে। স্নান হয় দুপাড়ের বিভিন্ন ঘাটেই, যাত্রীদের সুবিধাজনক স্থানে। নদীর দু পাড়েই তীর্থযাত্রীদের মতোই অস্থায়ীভাবে পুরোহিতরাও পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে অপেক্ষমাণ। পুরোহিতরা বসেছেন মা গঙ্গার প্রতি ভক্তদের অর্ঘ্য সংকল্প তাদের পুরোহিত্যে দেবীর কাছে পৌঁছে দেবার বাসনা নিয়ে। অপর পাড়েও বসছে অস্থায়ী নানা রকমের দোকান।
নদীর চরে নারীদের জন্য কাপড় টাঙিয়ে স্নান শেষে কাপড় বদলানোর জন্য ঘরের মতো ব্যবস্থা করা হয়েছে। অদ্বৈত ঘাটের পাড়ে উঠতেই অদ্বৈত আচার্য গোস্বামীর মন্দির, শিব মন্দির। মন্দিরের পাশেই ভক্তদের প্রসাদ বিতরণ হচ্ছে। পুজো অর্চনা হচ্ছে।
অপর পাড়ে পাহড়ের টিলায় ইস্কন মন্দির। এখানেও ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে । আছে দান, অনুদান গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তদের শ্রদ্ধা নিবেদনের সুযোগ। ইসকন মন্দিরের ভিতরে তাদের নিজস্ব দোকানপাট বসেছে। আছে বিভিন্ন ধর্মীয় বই, মূর্তি, মালাসহ ধর্ম কাজে ব্যবহূত প্রয়োজনীয় জিনিসপত্র। এটাও রাজারগাঁও এলাকার মধ্য অবস্থিত। সন্ধ্যা ঘনিয়ে এলে পাড়ে পাড়ে, তাঁবুতে, ঘাটে অবস্থিত ট্রলারগুলোতেও একে একে পুণ্যার্থীরা ভাগবদপাঠ, ধর্মীয় সঙ্গিত ও আলোচনা সভা শুরু করেছে। যে উদ্দেশ্যে পণাতীর্থে আসা, পর দিন সেই তীর্থ স্নান, সকলে ট্রলারে একটু ঘুমানো বা জিরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছিল যখন এমন সময় ঝড়ো বৃষ্টি। যাত্রীদের রাত্রিবাসের মতো যেখানে কোনো খোলা ছাদ, চালা এমন কোনো কিছু নেই, আশ্রমগুলোতেও এ বিপুল সংখ্যক লোকের জন্য পর্যাপ্ত স্থানাভাব। যেখানে লোকজন মহাবিপদে।
মহাতাণ্ডবের এ সময়টুকু ছিল পুণ্যার্থীদের জন্য আতঙ্কের। সঙ্গে আনা প্রয়োজনীয় জিনিসপত্র উড়িয়ে নিয়ে গেছে অনেকের। খোলা আকাশের নিচের লোকজন, দোকানপাঠগুলো দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে পাশের বাড়ি ঘরগুলোতেও আশ্রয় নিয়েছে। অনেকেই সারা রাত ভিজে কাপড়ে খোলা আকাশের নিচেই। মানুষ পরিস্থিতি অনুযায়ী চলে অভ্যস্ত। সব সামলে সকালে সকলে মিলে কাঙ্ক্ষিত তিথিতে পুণ্য স্নান ও তর্পণ। তীর্থযাত্রীরা বলেন, থাকা খাওয়ার সুব্যবস্থা থাকলে এখানে তীর্থযাত্রীর সংখ্যা আরো বাড়ত। এখানে আসা যাত্রীদেরও এত দুর্ভোগ পোহাতে হতো না। এক্ষেত্রে তারা পরবর্তীতে সরকারি ও বেসরকারি পর্যায়ের সুদৃষ্টি কামনা করেন।
অধিক মানুষ যেখানে দূষণ সেখানে। মানুষ জ্ঞাতে অজ্ঞাতে দূষণ করে যায়। জাদুকাটার পবিত্র জলও নানাভাবে দূষণ ঘটে। মলমূত্র, ময়লা আবর্জনা, লোকের উপস্থিতিতে নানাভাবে নদীর পবিত্রতা নষ্ট হচ্ছে। দূষণ মাথায় নিয়ে পবিত্র জ্ঞানে, পুণ্য বারি জ্ঞানে জাদুকাটায় ডুব দেয় ভক্তরা ।
কেন এখানে এসেছেন? এ প্রশ্নের উত্তরে তীর্থযাত্রীদের একেকজনের একেক রকম উপলব্ধি। কেউ বলেন জাদুকাটা নদীর পবিত্র জলে স্নান করে নিজের পাপ দূর করা, পুণ্য অর্জন করে স্বর্গ লাভের আশায় এসেছেন। কেউ এসেছেন ভগবানের কাছে নিজের মনোবাসনা পূর্ণ করতে। অনেকে এসেছেন মানত পূর্ণ, পূর্বপুরুষের শ্রাদ্ধ করতে। পুত্রবতী হওয়ার জন্য কেউ এসেছেন। এখানে নদীর পাড়ে বালু বান্ধবেন। পুত্র হলে আবার পূজা করবেন। অনেকে এখানে দান দক্ষিণা করেন, ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানান তাকে সুখী সমৃদ্ধি, সম্পদশালী জীবন দানের জন্য।
এদের অনেকেই নিজের দুঃখ দুর্দশার কারণ হিসাবে ভাবে তার নিজের পাপ কর্মকে। ধর্ম এমন এক মতাদর্শ যা বিপুল সংখ্যক মানুষকে নিজের দুঃখ দুর্দশার কারণ হিসেবে নিজকেই দায়ী করতে শেখায়ধনতন্ত্রের সংকট থেকে মুক্তির উপায় হিসাবে পার্থিব কোনো রাজনীতি অর্থনীতি বা অন্য কোনো কিছুতে মোহনীয় শান্তি বা মুক্তির উপায় খুঁজে খুঁজে হয়রান মানুষ তাই ধর্মের আশ্রয়ে ছুটছে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট।
মানবকণ্ঠ/এফআই

