এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা বেড়েছে। চলমান তীব্র তাপপ্রবাহের কারণে রেললাইন বাঁকা হওয়ার পাশাপাশি সড়ক পথের বিটুমিন গলে যোগাযোগ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তাপমাত্রা আগের চেয়ে বাড়ছে।
ইতোমধ্যে অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনসহ সব ধরনের ট্রেন গতি কমিয়ে চালাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেললাইন বেঁকে যাওয়ার জন্য রেলওয়ে শুধু অতিরিক্ত তাপমাত্রাকেই দায়ী করলেও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, শুধু তাপেই রেললাইন বেঁকে যাওয়ার কথা নয়। পুরনো রেললাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ার পাশাপাশি লাইনে পর্যাপ্ত পরিমাণ পাথর না থাকার কারণেও লাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটতে পারে। তাপমাত্রা বেশি হলে রেলের পাত বেঁকে যাওয়ার ঝুঁকি থাকে। রেললাইনে সাদা রঙ করা হলে সেটির তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
দেশে এখনও ব্রিটিশ আমলের ১০০ বছরের অনেক পুরনো রেললাইন রয়েছে যেগুলোর তাপ সহ্য ক্ষমতা স্বাভাবিকের তুলনায় কমে গেছে। ২০১৪ সালের পর থেকে দেশে নতুন রেললাইন তৈরি হচ্ছে। রেলওয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, রেললাইনে তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি সেলসিয়াস হলে যাত্রীবাহী ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার এবং পণ্যবাহী ট্রেন ৩০ কিলোমিটার গতিতে চলবে। তবে স্থান, কাল, পাত্রের ওপর নির্ভর করে এ নির্দেশনা কার্যকর হবে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সেকশনের পরিবেশ, ট্র্যাকের কন্ডিশনসহ সবকিছু বিবেচনা করে এটি কার্যকর হয়। স্বাভাবিক সময়ে বিভিন্ন রুটে স্থানভেদে গড়ে ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে।
গত বছর ২৯ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় পরপর দুদিন পাত বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। এরমধ্যে একদিন কয়েক ঘণ্টার জন্য ওই রুটে রেল যোগাযোগ বন্ধ করে মেরামতের কাজ করে রেলওয়ে। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, তাপপ্রবাহের মধ্যে দীর্ঘক্ষণ সূর্যের উত্তাপ শোষণ করায় রাস্তার তাপমাত্রা কখনও কখনও ৬০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। আর অ্যাসফল্টের প্রধান উপকরণ বিটুমিন গলতে শুরু করে ৫৪ ডিগ্রি তাপমাত্রায়। নিম্ন গ্রেডের বিটুমিনের সঙ্গে মানহীন উপকরণের ব্যবহার করা হলে অ্যাসফল্ট গলে রাস্তা দ্রুত দেবে যাওয়া ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ার জোর আশঙ্কা তৈরি হয়। খুব অল্প টাকা বিনিয়োগ করে রেলপথের সার্বক্ষণিক তাপমাত্রা পরিমাপ করতে হিট সেন্সর স্থাপন করা যেতে পারে। এতে দূর থেকেই রেলের তাপমাত্রা পরিমাপ করা যায়। কারণ সঠিক তাপমাত্রা জানতে না পারলে তো ব্যবস্থা নেয়া যাবে না।
তাপমাত্রা অনেক বেড়ে গেলে রেলের গতি কমিয়ে আনা বা সাময়িক সময়ের জন্য চলাচল বন্ধও করা যেতে পারে। এক্ষেত্রে রেললাইনে সাদা রঙ করলেও অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে ঝুঁকির মাত্রা কমিয়ে দেবে। এছাড়া রেললাইনে যে পাথর রয়েছে তা যেন পর্যাপ্ত এবং প্রয়োজনমতো থাকে সে বিষয়টি খেয়াল করতে হবে। গরমের সঙ্গে অতিরিক্ত লোড বা ভারী যানবাহন চলাচলের কারণেও সড়কের সবচেয়ে বেশি ক্ষতি করে। রাতারাতি নতুন সড়ক নির্মাণ করা না গেলেও ওভারলোড নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য দরকার সদিচ্ছা। এ কাজটাও যদি এই গরমে করা যায় তাহলেও কিন্তু সড়ক অনেকটাই ঝুঁকিমুক্ত হবে।
মানবকণ্ঠ/এসআরএস

