দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু-শঙ্কাহীন নির্বাচন চায়। একটি গণতান্ত্রিক দেশে সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষার প্রথম শর্ত। মানুষ তার ভেটো প্রয়োগের মধ্য দিয়ে জনপ্রতিনিধিকে ভোট দেয়। যাতে উক্ত জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থাকে। এর চেয়ে বেশি চাওয়া কারোরই নেই। কিন্তু বিভিন্ন সময় ভোটকে কেন্দ্র করে যে ধরনের সহিংসতা হয়েছে মানুষ তাতে আশাহত হয়েছে।
এবারের নির্বাচনের মধ্য দিয়ে মানুষের প্রত্যাশা পূরণ হবে এমন ভাবনাই ভাবছে সবাই। সে অনুযায়ী প্রার্থীদের নানা প্রতিশ্রæতি আর অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে প্রথম ধাপের ১৪১ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা গত সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। নির্বাচনী এলাকাগুলোতে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
কমিশন বলছে, যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করা হবে। উপজেলায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থা নির্বাচন কমিশন (ইসি)। ১০ জেলার ২৪ উপজেলার দুর্গম চার শতাধিক কেন্দ্রে গত মঙ্গলবার ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানোর প্রস্তুতি রয়েছে কমিশনের।
এদিকে দলীয় প্রতীকে এবার নির্বাচন না হওয়ায় ভোটের মাঠে কার্যত প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। যে কারণে স্থানীয় নেতা-কর্মীদের আধিপত্য বিস্তার ও মন্ত্রী-এমপিদের নিজস্ব প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের ঘটনা ঘটছে বিভিন্ন স্থানে। এতে ভোটের মাঠে বিরাজ করছে উত্তাপ। ইসি অবশ্য প্রভাব বিস্তার ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মন্ত্রী-এমপিদের ওপর বাড়তি নজরদারির পাশাপাশি স্পিকারের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। সেইসঙ্গে মাঠে বিশৃঙ্খলা ঠেকাতে অন্য সময়ের তুলনায় বেশি সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। আচরণবিধি মানাতে নিয়োগ দেয়া হয়েছে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট ও বিচারিক হাকিম।
এ বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সম্প্রতি বলেন, যেকোনো মূল্যে উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। সরকারের দায়িত্বে নিয়োজিত প্রভাবশালীরা এই নির্বাচনে প্রভাব খাটালে কমিশন প্রয়োজনে তাদের বিরুদ্ধে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে। নির্বাচন কেন্দ্র করে প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো উপজেলায় সংঘাত-সহিংসতা এবং আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। আর নানা ঘটনার প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনে আবেদন ও অভিযোগ আসছে নিয়মিত। এর মধ্যে অনেক প্রার্থী নির্বাচন কমিশনে স্থানীয় এমপির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। ইসি থেকে বারবার বিধি মেনে প্রচারের কথা বলা হলেও মন্ত্রী-এমপিদের অনেকেই তা অবজ্ঞা করে চলেছেন।
ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান, উপজেলা নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার মন্ত্রী-এমপিদের নির্দেশনা দেয়া হচ্ছে। বেপরোয়া এমপিদের লাগাম টানতে এরই মধ্যে সংসদ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। এর পরও অনেকেই কমিশনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক ছাড় দিতে হয়। কিন্তু আইন যারা রক্ষা করবে তারা আইন ভাঙলে ব্যাপারটা কেমন হবে? মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে যদি তার সমর্থিত প্রার্থীর জন্য নিয়মভাঙার অভিযোগ আসে তাহলে সেটা একদম অনাকাক্সিক্ষত।
বরাবর নির্বাচন যে উৎসবের আমেজ নিয়ে আসত তেমন শঙ্কাহীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা দেশবাসীর সঙ্গে আমাদেরও।
মানবকণ্ঠ/এআই

