সামন্ত রাজাদের আমল থেকে রাজস্ব সম্পর্কে একটা নেতিবাচক ধারণার প্রচলন আছে। সামন্ত রাজারা রাজস্ব আদায় করত, তখন থেকেই একটা নেতিবাচক ধারণা চলে আসছে। আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে, রাজস্ব দেয়া মানেই রাজার অত্যাচার, রাজার জুলুম। সামন্ত রাজাদের সময়ে রাজার দায়িত্ব ছিল রাজ্য রক্ষা করা ও প্রজাদের রক্ষা করা। তাদের অর্থের উৎস ছিল ভূমিকর এবং বাণিজ্য কর।
আধুনিক রাষ্ট্রের চিন্তা হলো, ওই দুটি ছাড়াও কর্মসংস্থান সৃষ্টি করা, জনগণের আয় বৃদ্ধি করা এবং সবার আর্থিক উন্নয়ন ঘটিয়ে দেশের উন্নয়ন করা এবং দেশকে পৃথিবীর মধ্যে সমৃদ্ধশালী দেশে পরিণত করা। এখন রাষ্ট্রের দায়িত্ব যেমন বেশি, তেমনি, রাজস্ব বাড়ানোর দায়িত্বও বেশি। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে পর্যায়ক্রমে করছাড় বাদ দিলে আগামী ৩ থেকে ৪ বছরে ৬০০ বিলিয়ন বা ৬০ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব সংগ্রহ করা সম্ভব।
আর্থিক খাতে মধ্যমেয়াদি সংস্কার বাস্তবায়ন করা গেলে আগামী ২০৪১ সাল নাগাদ ৪৯ ট্রিলিয়ন বা ৪৯ লাখ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় সম্ভব হবে। আর্থিক খাত টেকসই করতে করছাড়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার বিকল্প নেই। অভ্যন্তরীণ আয় বাড়াতে প্রতিবছর ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা করে করছাড় বাদ দিতে হবে। এতে ৪ বছরে ৬০ হাজার কোটি টাকা সংগ্রহ করা যাবে।
বর্তমানে কর জিডিপির অনুপাত ৭ দশমিক ৬ শতাংশ; দক্ষিণ এশিয়ায় এটি সবচেয়ে কম। আমাদের কর জিডিপির হার সোমালিয়া বা ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর কাছাকাছি। সংস্কার না করা হলে আগামী বছরে এই হার আরও কমবে। আর ১০ শতাংশের কম কর-জিডিপির অনুপাত নিয়ে উচ্চ আয়ের দেশে উত্তরণ সম্ভব নয়। দেশে কর-জিডিপির অনুপাত হতাশাজনক; কর জিডিপি নিয়ে সোমালিয়া কঙ্গোর সঙ্গে তুলনা করাটাও ঠিক নয়। সে সব দেশের সঙ্গে তুলনা করলে সবকটি মানদণ্ড নিয়ে তুলনা করতে হবে।
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যাদের কর জিডিপি হার বেশি, তাদের রাজস্ব আয়ের উৎস দেখতে হবে। যেমন মালদ্বীপের কর-জিডিপির হার বেশি। সেখানে রাজস্ব আদায়ের মূল উৎস পর্যটন খাত। আমাদের কিন্তু এমন উৎস নেই। গত পাঁচ বছরে ১২০ ধরনের করছাড় দিয়েছে সরকার। এভাবে ব্যবসা ও শিল্পে সুবিধার জন্য বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে করছাড় দেয়া হচ্ছে। তবে দীর্ঘদিন, ২৫ বছর ধরে এমন সুবিধা থাকা উচিত নয়। ধারাবাহিকভাবে সরকারের খরচের সঙ্গে ধারের পরিমাণ বাড়ছে। বর্তমানে বাংলাদেশে যে বিনিয়োগ করা হয় তার পুরোটাই ধার করে করা হয়। গত ১৫ বছর বা তার বেশি সময় সরকারের কোনো সেভিংস নেই, যা মোটেও ভালো বিষয় নয়। কর আহরণের বড় সমস্যা হচ্ছে সরাসরি আদায় কম। মোট করের মাত্র এক তৃতীয়াংশ আদায় হয় সরাসরি। বর্তমানে বাংলাদেশে যে বিনিয়োগ করা হয় তার পুরোটাই ধার করে করা। সরকারের খরচের সঙ্গে এই ধারের পরিমাণ বাড়ছে, যা ভালো বিষয় নয়। অর্থ ধার নেগেটিভ নয়, এটি উন্নয়নশীল দেশের জন্য ভালো।
জাতীয় রাজস্বের ৪৩ শতাংশ চলে যায় বেতন-ভাতা ও পেনশনে, যা অনেক বেড়েছে। মাথাপিছু আয়ের তুলনায় দেশে রাজস্ব আদায় যে পরিমাণ কম হয়, তা অন্য কোনো দেশে দেখা যায় না। বলা যায়, বাংলাদেশ যে রাজস্ব আদায় করে তা পৃথিবীর সবচেয়ে কম। বিশ্বের অন্য কোনো দেশে এত কম রাজস্ব আদায় দেখা যায় না। ২০৪১ সালের মধ্যে সরকার ৯৫ লাখ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নিয়েছে। কিন্তু বর্তমান ভ্যাট আইনে এটি ২৯ লাখ কোটি টাকার বেশি হবে না। যদি সিস্টেম পরিবর্তন করা যায়, তাহলে তা ৭৮ লাখ কোটি টাকা পর্যন্ত আয় হবে। সেক্ষেত্রে বর্তমানে স্বাস্থ্য, শিক্ষাসহ সব প্রয়োজনীয় খাতে যেভাবে খরচ কমানো হয়েছে, তা কয়েকগুণ বাড়ানো সম্ভব হবে। ২০১২ সালের ভ্যাট আইনটি ঠিক ছিল। এখন যেটা আছে তাতে একাধিক পর্যায়ে একসেস ডিউটি রয়েছে। যা বিভিন্ন পর্যায়ে ক্ষতি করছে। তাই ২০১২ সালের ভ্যাট আইনে ফিরে যাওয়া দরকার। তখন ভ্যাট সিস্টেম পুরোপুরি কাজ করবে।
২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে চাইলে রাজস্ব আদায়ের হার ও কর দ্রুত বাড়াতে হবে। ১৯৭২-৭৩ সালে আমাদের আয়কর আদায়ের হার ছিল শতকরা মাত্র ১০ ভাগ। বাকি ৯০ ভাগ রাজস্ব আসত কাস্টমস থেকে। কাস্টমস থেকে রাজস্বের হার ১৯৯১-১৯৯২ সালে ৫৪ শতাংশে নেমে আসে, ভ্যাট থেকে ২৫ শতাংশ ও আয়কর থেকে ২১ শতাংশ। ২০১১-১২ সালে কাস্টমস থেকে রাজস্ব আদায় ৪০ শতাংশ, ভ্যাট থেকে ৩০ শতাংশ এবং ইনকাম ট্যাক্স থেকে ২৭ শতাংশ আদায় হয়েছে। ২০২১-২২ এ কাস্টমসের আদায় এসে দাঁড়িয়েছে ২৯ শতাংশ, আয়করের ৩৪ শতাংশ এবং ৩৭ শতাংশ ভ্যাট। দেখা যাচ্ছে, কাস্টমস থেকে রাজস্ব আয় ধীরে ধীরে কমছে এবং ইনকাম ট্যাক্স এবং ভ্যাট বাড়ছে। ১৯৭২-৭৩ এ আমাদের আর্থিক অবস্থা ছিল কৃষিনির্ভর। তখন কোনো ইন্ডাস্ট্রি ছিল না। ধীরে ধীরে ইন্ডাস্ট্রি বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে। মানুষের আয় বেড়েছে মানে কর দেয়ার সক্ষমতা বাড়ছে, দেশের উন্নতি হচ্ছে।
জাতীয় রাজস্ব বাজেট ২০০৮ সাল থেকে ২০২২-২৩ পর্যন্ত ৭ গুণ বেড়েছে, কিন্তু রাজস্ব আদায়ের হার গত ১০ বছরে ৪ গুণ বেড়েছে। আমরা যেহেতু খুব দ্রুত উন্নত দেশে পরিণত হতে চাই, কাজেই এই রাজস্ব আদায়ের হার যথেষ্ট নয়। আমাদের এটা আরও বাড়াতে হবে। রাজস্ব দিতে জনগণের সক্ষমতা বাড়ানোর জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ, ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে। পাশাপাশি মেড ইন বাংলাদেশ বা “বাংলাদেশে তৈরি” ধারণার বিকাশ করা হবে। বাজারে যখন যাই, দেখতে পাই, সব পণ্য মেড ইন চায়না, মেড ইন মালয়েশিয়া, মেড ইন থাইল্যান্ড, মেড ইন ইন্দোনেশিয়া। আমাদের মার্কেটকে পুঁজি করে অন্য দেশ তাদের জিডিপি উন্নত করছে। এটা হতে দেয়া যায় না। আমাদের বাজারে শুধু আমাদের পণ্য থাকবে।
২০২০ সালে নেয়া মেড ইন বাংলাদেশ কনসেপ্ট হলো, আমরা চাই যে মধ্যবিত্তের ব্যবহার্য পণ্যগুলো বাংলাদেশে তৈরি করা হোক। মেড ইন বাংলাদেশ কনসেপ্টের ফলে স্মার্টফোন, টেলিভিশন, এসি, মোটরসাইকেল শতকরা ৯৫ ভাগ পণ্য এখন বাংলাদেশে তৈরি। আমাদের ভারী ও নতুন শিল্প দরকার। আমরা উন্নত দেশ হব, কিন্তু অ্যালুমিনিয়ামের পাতিল, বালতি, প্লাস্টিকের বদনা বানাব আর বাইরের মানুষের কাপড় সেলাই করব। এই দিয়ে তো উন্নত দেশ হতে পারব না। উন্নত দেশ হতে হলে ভারী শিল্প তৈরিতে ঝুঁকতে হবে। ভারী শিল্প কঠিন কিছু না, যেটা আমাদের দেশের মানুষ পারবে না। টেকসই উন্নয়নে রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই। কিছু বিষয়ে কর ছাড় বাদ দিলে ৪ বছরে ৬০ হাজার কোটি টাকা আয় সম্ভব। ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না হলে ২০৪১ সালের মধ্যে রাজস্ব ক্ষতি হবে ৫০ লাখ কোটি বা ৫০ ট্রিলিয়ন টাকা। এছাড়া সংস্কারের পাশাপাশি নির্দিষ্ট কিছু বিষয়ে কর ছাড় বাদ দিলে আগামী চার বছরে ৬০ হাজার কোটি বা ৬০০ বিলিয়ন টাকা আয় করা সম্ভব। এজন্য টেকসই উন্নয়ন করতে হলে করব্যবস্থা সংস্কারের বিকল্প নেই। পাশাপাশি বাংলাদেশ যেহেতু উন্নত রাষ্ট্রে পরিণত হতে চায় সেহেতু এসব কার্যক্রম না করলে দেশের জন্য ঝুঁকি তৈরি করবে। রাজস্ব আয় বৃদ্ধির জন্য অটোমেশনের বিকল্প নেই।
বর্তমানে সবাই অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারেন। দেশের ইনফরমাল সেক্টর অনেক বড় বিধায় এ খাত থেকে কর আদায় গুরত্বপূর্ণ। তাই কর প্রশাসন, কর আদায় ব্যবস্থা সংস্কার, সুশাসন নিশ্চিত এবং অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করতেই হবে।এখন কর যা আদায় হয় তার ৪৩ শতাংশই চলে যায় বেতন-ভাতার টাকা পরিশোধে। এছাড়া সরকার যে ঋণ গ্রহণের লক্ষ্য নির্ধারণ করে তা পূরণ করতে হলে বাণিজ্যিক ব্যাংকের ওপর নির্ভর করতে হয়। ফলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঋণ সংকুচিত হয়ে পড়ে।
বৈশ্বিক প্রেক্ষাপটে অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের রাজস্ব জিডিপির শতাংশ হিসাবে বিশ্বের সর্বনিম্ন। এত দুর্বল রাজস্ব আদায় স্বল্প মেয়াদে অর্থনৈতিক ঝুঁকি বাড়িয়ে দেয় এবং মধ্য মেয়াদি উন্নয়ন পরিকল্পনা ২০৪১-কে প্রশ্নবিদ্ধ করে। তবে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হলে দেশের রাজস্ব আহরণ ভারত ও কম্বোডিয়ার কাছাকাছি দাঁড়াবে। কিন্তু রাজস্ব সংস্কার পদক্ষেপ বাণিজ্য করের ওপর নির্ভর করলে হবে না। কারণ, বাণিজ্য কর রপ্তানি বৃদ্ধি ও রপ্তানি বহুমুখীকরণকে নিরুৎসাহিত করে। ফলে আগামীতে কর যৌক্তিকীকরণ করতে হবে। যদি দেশীয় কর রাজস্ব জিডিপির ২ শতাংশ বাড়ানো যায় তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বর্তমান স্তরের ওপর শূন্য দশমিক ২ শতাংশ বাড়তে পারে। বাংলাদেশে ডিজিটাল অর্থনীতির ব্যাপকতা ও গভীরতা সাম্প্রতিক সময়ে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে।
বিশেষত, সেবা খাতমূলক ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং সেবাগ্রহণকারী ও সেবাপ্রদানকারী মধ্যস্থতাকারীর ভূমিকায় ডিজিটাল প্লাটফর্মগুলো একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা (আইটি এনাবল্ড সার্ভিস) প্রদান করছে, যা ক্রমান্বয়ে বিস্তৃত হচ্ছে। কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশে এ ধরনের সেবা, বিশেষভাবে খুচরা ব্যবসা খাতে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। নিকট অতীতে ইন্টারনেট সেবার সম্প্রসারণে সরকার ও ব্যক্তি খাতের উদ্যোগে পরিচালিত বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক ও সহায়ক ভূমিকা রেখেছে। ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগ (যেমন আইটি পার্ক প্রতিষ্ঠা) ও নীতি সহায়তা ডিজিটাল অর্থনীতির প্রসারে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে এ খাতের ব্যক্তি উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা ও অবদান। গুগল, ফেসবুক, অ্যামাজন, নেটফ্লিক্স, ইউটিউবসহ বিভিন্ন বহুজাতিক ও বৈশ্বিক প্লাটফর্মগুলো তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি খাতের পরিধিকে আরও ব্যাপকতা ও গভীরতা দিয়েছে।
রাজস্ব আদায় কম হওয়ার কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ ও ঋণ পরিষেবার চাপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আদায়কৃত রাজস্ব আয়ের ক্রমবর্ধমান অংশ ঋণ পরিষেবায় (সুদ ও আসল) ব্যয়িত হচ্ছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশের জন্য ঋণের ফাঁদে পড়ার একটি আশঙ্কা সৃষ্টি হবে। তাই এখনই সময় রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সমন্বিত প্রচেষ্টা গ্রহণ। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অগ্রাধিকারে রাখা যেতে পারে। এগুলো হলো, করভিত্তির সম্প্রসারণ, রাজস্ব ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন ও আধুনিকায়ন, কর ফাঁকির বিরুদ্ধে আইনি প্রয়োগ নিশ্চিত করা ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি।
দেশের আর্থিক খাতের উন্নতি করতে হলে আরও সময় লাগবে। আর্থিক খাতের ভালো করতে যেসব উদ্যোগ নেয়া দরকার, সেগুলো এখন নিলেও কাজে আসতে অন্তত তিন বছর সময় লাগবে। যেটা আইএমএফও জানে। যেসব ব্যবসা এনবিআর’র রাজস্ব আহরণের বাইরে আছে, তারা অনেক ভয়ঙ্কর। তাদেরকে কর আহরণের নিয়মে আনতে হবে। শুধু ঢাকা ও চট্টগ্রামের ওপর নির্ভর করলে হবে না। ট্যাক্স নীতি ও আহরণের নিয়মে অটোমেশন সিস্টেম চালু করতে হবে। যখন অটোমেশন হবে তখন কর আহরণ বাড়বে। ভূমি সেক্টরে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করার জন্য ভূমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী।
ভূমিমন্ত্রী বলেছেন, গ্রামীণ কিংবা মফস্বলের পতিত কিংবা অনাবাদি জমি, উর্বর কৃষি জমি, আবাসিক, বিলাসবহুল, শিল্প, শহরের বাণিজ্যিক এলাকার জমির ই-নামজারি ফি একই হওয়া উচিত নয়। জমির ব্যবহার ও মূল্যভিত্তিক ই-নামজারি নির্ধারণের আইনি দিক পরীক্ষা করতে হবে। ভূমি উন্নয়ন কর ও নামজারি ব্যবস্থা ডিজিটাইজেশনের ফলে ভূমি খাতে রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
লেখক: অবসরপ্রাপ্ত ব্যাংকার ও কলামিস্ট
মানবকণ্ঠ/আরএইচটি

