পৃথিবীর স্বাভাবিক গতি হারিয়ে ফেলতে শুরু করছে। বর্তমান পরিবেশ, প্রতিবেশ, আবহাওয়ার দিক বিবেচনা করলে দেখা যায় পৃথিবী কি আগের মতো আছে কিনা। পৃথিবীর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দুনিয়ার বিবর্তন কি? এমন প্রশ্নের উত্তর রয়েছে অনেকের কাছেই। পৃথিবীর অস্তিত্ব সংকটের জন্য প্রকৃতি দায়ী নয়, দায়ী আমরা। আর তাই পৃথিবী রক্ষার দায়িত্বও আমাদের।
পৃথিবীর উষ্ণতম বছর হলো ২০২৪ সাল। বছরটি উষ্ণতার দিক থেকে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এতে বিজ্ঞানীদের পূর্বাভাস সত্য প্রমাণ করে নিশ্চিত হওয়া গেল ২০২৪ ছিল এ গ্রহের এ যাবৎকালের উষ্ণতম বছর। এই উষ্ণতা কমাতে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বিষয়ে ভাবতে হবে। তা না হলে বর্তমান পরিস্থিতির আরও অবনতি হবে বলে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্লাইমেট সার্ভিসের তথ্যমতে, জীবাশ্ম জ্বালানির বহুল ব্যবহার শুরুর দীর্ঘ সময়ের গড় উষ্ণতা বাড়ার তুলনায় ২০২২ সালে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ১ দশমিক ৪৮ ডিগ্রি। গেল বছরের জুলাই মাস থেকে প্রতিদিনই বৈশ্বিক তাপমাত্রা বাড়ার রেকর্ড সৃষ্টি হয়। অথচ বৈশ্বিক উষ্ণতা রোধের লক্ষ্যমাত্রা অর্জন এখন সত্যিই ব্যর্থতার দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছেছে। বৈশ্বিক উষ্ণায়ন রোধে তাই দরকার গ্রীনহাউস গ্যাস নির্গমন ও জীবাশ্ম জ্বালানি ব্যবহারের রাশ শক্ত হাতে টেনে ধরা।
২০২৩-এর নভেম্বর মাসও তার আগের বছরের নভেম্বর মাসের উষ্ণতার চেয়ে উষ্ণতর মাস হিসাবে রেকর্ড গড়ে। গেল বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের তাপমাত্রা বৃদ্ধি ছিল শিল্পায়ন যুগের আগের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। এক্ষেত্রেও সৃষ্টি হয় নতুন রেকর্ড। ইউরোপভিত্তিক জলবায়ুবিষয়ক পর্যবেক্ষক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সারভিসের (সিথ্রিএস) এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সেখানে আরও বলা হয়, শিল্পপূর্ব অক্টোবর মাসের গড় তাপমাত্রার চেয়ে ২০২৩ সালের অক্টোবর মাস ছিল অনেক বেশি উষ্ণ। এর তাপমাত্রা ছিল ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
কোপারনিকাস সারভিসের উপপ্রধান সামান্তা বারগেসের মতে, ২০২৩ সালের ছয়টি মাস এবং দুটি মৌসুম উষ্ণতার বেলায় নতুন রেকর্ড গড়ে। তাই ২০২৩ সাল হলো স্মরণকালের উষ্ণতম বছর। এ অবস্থার পরিপ্রেক্ষিতে জোরদার হয় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রেখে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার দাবি। ২০২৪ সালে এসে আগের রেকর্ড ছাড়িয়ে গত ২৯ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪৩.৮ ডিগ্রি।
এর আগে, ১৯৯৫ সালের পহেলা মে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ওই বছরের ২৫ এপ্রিল তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি। ১৯৮৯ সালেও একবার ৪৩ ডিগ্রি ছাড়িয়েছিল জেলাটির তাপমাত্রা। ওই বছরের ৪ মে তাপমাত্রা ৪৩.৩ ডিগ্রি রেকর্ড করা হয়, এই নিয়ে চল্লিশ বছরে চারবার থার্মোমিটারের পারদ এই মাত্রা স্পর্শ করেছে।
এতো বললাম তাপমাত্রা আর বৈশ্বিক জলাবয়ু পরিবর্তনের ফলে নানা সংকট। এখন বলবো ভিন্ন কথা। সবাই বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে নানা সংকটের কথা, দাবিও করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ দেয়ার। কিন্তু উপকূলের কথা কি কেউ ভাবছেন? উপকূলের কথা বলার আগে একটু নগর নিয়ে কিছু বলতে চাই। ধরুন আপনি তরকারি দ্রুততম রান্না করতে রাইস কুকার ব্যবহার করেন। রাইস কুকার চালু করার পর তার মধ্যে বাষ্প তৈরি হয় যা দ্রুত বের হয়ে যায়। কিন্তু বর্তমানে ঢাকা শহরের দিকে তাকালে ওইরকম রাইস কুকারের মতো মনে হলেও বাষ্প বের হতে পারছে না। আমি যদি আরও ক্লিয়ার করে বলি তা হলো ঢাকা শহরের বাষ্প তৈরি হচ্ছে কিন্তু বের হওয়ার কোনো পথ নেই অর্থাৎ ঢাকা শহরে কোনো গাছ নেই, আশপাশে কোনো জলাধার বা জলাশয় নেই। খুব সহজে বুঝা গেল গাছের অভাবের কারণেই দাবদাহ, তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের একটি চলমান গবেষণার তথ্যানুযায়ী দেখা গেছে, ২০২০ থেকে ২০২৪ এই চার বছরে ১ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেড় মাসের তাপমাত্রা তুলনা করা হয়েছে। বছরের এ সময়টায় তাপমাত্রা বেশি থাকে। দেখা গেছে, এ সময় জাহাঙ্গীরনগরের চেয়ে ঢাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকে। জাহাঙ্গীরনগরের তাপমাত্রা কম থাকার কারণ, এখানকার গাছপালা, ওয়েট ল্যান্ডস (জলাভূমি), লতাগুল্মের সবুজ আচ্ছাদন। স্বাভাবিক জীবনযাপনের জন্য ঢাকা শহরে ২০ শতাংশ স্থানে গাছপালায় আচ্ছাদিত রাখা উচিত ছিল, সেখানে আছে মাত্র ২ শতাংশ।
অপর একটি পরিসংখ্যানের তথ্যমতে, ১৯৯৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৯ বছরে ঢাকা নগরাঞ্চলের সবুজ ও ফাঁকা জায়গা ৫২ দশমিক ৪৮ বর্গকিলোমিটার থেকে কমে ২৯ দশমিক ৮৫ বর্গকিলোমিটার হয়েছে। গত ২৮ বছরে রাজধানী থেকে ২৪ বর্গকিলোমিটার আয়তনের জলাধার উধাও হয়ে গেছে। এ সময়ে প্রায় ১০ বর্গকিলোমিটার সবুজের মৃত্যু হয়েছে। ১৯৯৫ সালে রাজধানীতে জলাধার ও জলাভূমি ছিল ৩০ দশমিক ২৫ বর্গকিলোমিটার। ২০২৩ সালে সেটা মাত্র ৪ দশমিক ২৮ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে।
বর্তমানে রাজধানীর মাত্র ২ দশমিক ৯১ শতাংশ জলাধার ও ৭ দশমিক ০৯ শতাংশ সবুজ রয়েছে। অথচ একটি আদর্শ শহরে ১২ শতাংশ জলাভূমি ও ১৫ শতাংশ এলাকায় সবুজ থাকা প্রয়োজন। এখন বলতে হচ্ছে রাইস কুকারের মতো যদি বাষ্প বের হতে না পারে ভেতরের তরকারি উপযোগী হবে অথবা নষ্ট হয়ে যাবে ঠিক তেমনি রাজধানীর দাবদাহ বের হওয়ার মাধ্যম যে গাছ পর্যাপ্ত নেই ফলে একটা সময় ঢাকা শহর অস্তিত্ব হারানোর পাশাপাশি বসবাস অযোগ্য হবে, ফলে দেখা যাবে মানুষের শ্বাস-কষ্টসহ নানাবিধ রোগের সৃষ্টি হবে এবং যার শেষ প্রাণহানিও হতে পারে। হাস্যকর হলেও দুঃখের সাথে বলতে হচ্ছে, পরিবেশ উপযোগী নয়, এমন গাছে ভরে আছে রাজধানী ঢাকা শহরে।
আগে যেমন গরমের দিনে বাতাস ঠাণ্ডা ছিল এখন কি আছে না গরমের দিনে গরম বাতাসই আছে; আগের মতো কি পানি পাওয়া যায়, আর পানি পেলেও কি সুপেয় পানি আছে না লবণাক্ততা বেড়ে গেছে। আগের চেয়ে ঝড়ে, জলোচ্ছ্বাস কি বেড়েছে না কমেছে। আপনার বাড়ির মধ্যে জলাশয়, খালগুলো কি ভরাট করেছেন? আগের মতো প্রাকৃতিক বাগান এবং জীববৈচিত্র্য কি আছে। এরকমের কত শত প্রশ্ন রয়েছে। কিন্তু এর উত্তর কি আসবে। হ্যাঁ, একেকজনের মনে একেক রকমের জবাব আসবে। আমার কাছে এককথায় জবাব রয়েছে আর তা হলো বর্তমানে প্রকৃতির দৃশ্যমান যে অবস্থা তা ভালো নেই।
আগের মতো পানি নেই, জলাশয় নেই, বাগান নেই, জীববৈচিত্র্য বা প্রাণিকুল নেই, নদী-নালা, খালের গতি নেই, বন নেই। যা নেই তা আমাদের কারণেই নেই। ২০২৩ সালের ‘আমাদের কৃষি, প্রকৃতি, জলাভূমির সুরক্ষা এবং নদী দখলদারি প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় জলাধার সংরক্ষণ বিষয়টি নতুন করে উঠে এসেছে। বক্তারা বলেন, রাজনৈতিকভাবে প্রভাবশালীরাই নদী, বন, জলাভূমি দখল করে। এগুলোর আইন আছে, কিন্তু প্রয়োগ নেই।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) তথ্য বলছে, সারাদেশে প্রতিবছর ৪২ হাজার একর কৃষিজমি ও জলাশয় ভরাট হচ্ছে। ১৯৯৯ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে পাঁচ হাজার ৭৫৭ একর জলাভূমি ভরাট হয়েছে। এর ফলে জলাভূমির ওপর নির্ভরশীল মানুষ ও জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়েছে। নদী, খাল, বিল, পুকুর ইত্যাদি পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে থাকে। এছাড়া চারপাশের বাতাসকে শীতল রাখা, বর্ষা মৌসুমে বন্যা প্রতিরোধ, শহরে জলাবদ্ধতা নিরসন, পানির চাহিদা পূরণ ও আবর্জনা পরিশোধনে জলাভূমিগুলোর গুরুত্ব অনেক।
আমরা জানি, বাংলাদেশের উপকূলবাসীদের প্রতিনিয়তই প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয়। উপকূলীয় মানুষজন এখন নতুন এক লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। এ অবস্থায় দেশের বাকি মানুষের করণীয় কী? তারা কি হাত-পা গুটিয়ে চুপচাপ বসে থাকবেন? নাকি সবাইকে নিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করবেন? বিষয়টি যেহেতু বৈশ্বিক, তাই দায়িত্ব বিশ্ববাসীর, এ মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে সব মানুষকে পরিবেশ সচেতন করে তুলতে হবে। বৃক্ষ কর্তনরোধ, বৃক্ষরোপণ ও বনসৃজনের দিকে নজর দিতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বনাঞ্চল, জলাশয়, নদ-নদী, খাল-বিল সংরক্ষণ করতে হবে। নদী সাগরে প্লাস্টিক ফেলা বন্ধ করতে হবে, প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। জীবাশ্ম জ্বালানি যথাসম্ভব কম ব্যবহার করতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণের দিকে সব মানবজাতিকে নজর দিতে হবে। রি-সাইকেল পদ্ধতির মাধ্যমে দ্রব্যের পুনর্ব্যবহার করতে হবে। পরিবেশ রক্ষার জন্য মাঠ পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি করতে হবে, তরুণদের উদ্বুদ্ধ করতে হবে, বিভিন্ন গবেষণামূলক কাজে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপহার হিসেবে কাছের মানুষদের একহাতে বৃক্ষ আরেক হাতে বই দিতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন বিষয় বাধ্যতামূলক পাঠদানে অন্তর্ভুক্ত করতে হবে, একটি নিরাপদ, টেকসই ও সুন্দর ধরিত্রীর জন্য আসুন, বাসযোগ্য পৃথিবী করতে নিজেদের এগিয়ে আসতে হবে।
লেখক: সাংবাদিক, গবেষক ও কলামিস্ট
মানবকণ্ঠ/আরএইচটি

