ডেঙ্গু গেল বছর যে ভয় ছড়িয়েছে, তা এখনো ভোলেনি মানুষ। বছর ঘুরে আবার চলে এসেছে মশা বিস্তারের মৌসুম। এডিস মশার বাড়-বাড়ন্ত দেখে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা গত বছরই বার্তা দিয়েছিলেন, মশা বাগে আনতে না পারলে ডেঙ্গু এবার হবে আরও ভীতিকর। তবে সেই সতর্কবার্তা কোনো সংস্থার কানে পৌঁছেনি। এডিস মশা যেসব সংস্থা বশে আনবে, তাদের খামখেয়ালিপনা এবারও চোখে পড়ার মতো। এ বছরে ডেঙ্গু মৌসুম শুরুর আগেই ১২ মে পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে। আক্রান্ত হয়ে হাসপাতালে গেছেন ২ হাজার ৪৬০ জন।
এ পরিসংখ্যানই বলছে, এবারও মানুষের মনে কাঁপন ধরাবে ডেঙ্গু। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারের গণনাতেই সারাদেশে প্রাণ যায় ১ হাজার ৭০৫ জনের। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়ে বেশি। গত বছর ৬৪ জেলাতেই এডিস মশার অস্তিত্ব ও ডেঙ্গু রোগী পাওয়া গিয়েছিল। এবারও দেশজুড়ে এডিস মশার বিস্তার থাকলেও জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংশ্লিষ্ট সংস্থা বসে আছে হাত গুটিয়ে।
বিশ্লেষকরা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণে যে ধরনের উদ্যোগ নেয়ার কথা; সিটি করপোরেশন, পৌরসভা বা অন্য কোনো সংস্থা তা নিচ্ছে না। এ কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ার শঙ্কা থেকেই যাচ্ছে।
অন্যদিকে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে উত্তরে দায়সারাভাবে সচেতনতামূলক লিফলেট বিতরণ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান আচমকা দেখা গেলেও দক্ষিণে এসবের কিছুই নেই। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে একটি মাঠ জরিপ চালানো হয়েছে। সেই জরিপেও এডিস মশার ঘনত্ব পাওয়া গেছে বেশি। ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জাতীয় নির্দেশিকা’য় বলা হয়, ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন প্রতি মাসে মশা পরিস্থিতির ওপর প্রতিবেদন পেশ করবে। প্রতিটি পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তির সমন্বয়ে এ-সংক্রান্ত কমিটিও আছে। তবে প্রতিবেদন পাঠানো দূরের কথা, এ ধরনের একটি কমিটি আছে শুনে অনেকেরই ‘আকাশ থেকে পড়ার’ দশা!
নির্দেশিকায় বলা আছে, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা তার ওয়ার্ডের মশার বিস্তার নিয়ে প্রতি মাসে ইউপি চেয়ারম্যানকে জানাবেন। দেশের অধিকাংশ জনপ্রতিনিধি মশার খোঁজ রাখার বিষয়টিই জানেন না। দেশের বিভিন্ন প্রান্তের একাধিক জনপ্রতিনিধির বক্তব্য গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তারা বলেছেন মশা-সংক্রান্ত কোনো তথ্য ইউনিয়ন বা উপজেলা পরিষদ তাদের কাছে কোনো সময় জানতে চায়নি। কখনও তাদের কোনো সভায়ও ডাকা হয়নি, বরাদ্দও দেয়া হয়নি। একইভাবে পৌরসভার ক্ষেত্রেও ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে মশা সম্পর্কিত তথ্য প্রতি মাসে জেলা পরিষদকে জানাতে বলা হয়েছে। তবে পৌর মেয়ররাও এ বিষয়ে জানেন না। এ ধরনের কোনো কমিটির কথা তাদের জানা নেই। অথচ জেলা পর্যায়ে মশক নিয়ন্ত্রণে ২৬ সদস্যের একটি কমিটি থাকার কথা বলা আছে নির্দেশিকায়। তারা প্রতি মাসে একটি করে সভা করে মশার বিষয়ে বিভাগীয় কমিশনারের কাছে প্রতিবেদন দেবেন। তারা কেউ জানেন না এ-সংক্রান্ত কমিটির কথা। পক্ষান্তরে, বিভিন্ন মাধ্যম থেকে বলা হচ্ছে-এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে বলেই মনে হচ্ছে। মশা নিয়ন্ত্রণ করতে চাইলে বøকভিত্তিক সার্ভিলেন্স দল গঠন করতে হবে। কোথা থেকে মশা ও রোগী আসছে, সেখানে অভিযান চালাতে হবে। মশা পাওয়া গেলে সেটাকে ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে, তার শরীরে ভাইরাস আছে কিনা। এ যাচাই পদ্ধতিও এখানে নেই। মাঠ পর্যায়ের সঠিক তথ্যও পাওয়া যায় না। কোথাও সার্ভিলেন্স টিম নেই। ক্লাস্টার (ঘাঁটি) চিহ্নিত করা হয় না বলে মশা নিয়ন্ত্রণও করা যায় না। মশা নিয়ন্ত্রণে এখনই সর্বোচ্চ চেষ্টা চালালে মশা নিয়ন্ত্রণে থাকবে। কোনো ধরনের অবহেলা করলে ডেঙ্গু ভয়াবহ রূপ নিলে করার কিছুই থাকবে না।

