আগামী ৬ জুন উপস্থাপিত হতে যাচ্ছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। মূল্যস্ফীতি, ব্যাংকঋণের ক্রমবর্ধমান সুদের হার, ডলার সংকট ছাড়াও আরও কিছু চ্যালেঞ্জের মুখে প্রণীত হতে যাচ্ছে এবারের বাজেট। ৫ লাখ ৪৬ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণে বাজেটে ব্যয়ের পরিমাণ ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাকি আড়াই লাখ কোটি টাকার ঘাটতি থেকে গেলেও এই ঘাটতি পূরণে নির্ভর করতে হবে বৈদেশিক ঋণ আর অভ্যন্তরীণ ব্যাংক ঋণের উপর।
ধরে নেয়া হচ্ছে গত সময়গুলোর অভিজ্ঞতার ভিত্তিতে যথেষ্ট সতর্কতা ও সচেতনতার মধ্য দিয়ে তৈরি হচ্ছে এবারের বাজেট। চলতি বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষমাত্রা ৭.৫০ থাকলেও এবার সেটা ৬.৭৫ শতাংশে কমিয়ে আনা হয়েছে। এটা উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা থেকে বেরিয়ে আসার প্রবণতা।
প্রতি বছরের বাজেটেই ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। কারণ প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আদায় হয় না। বাজেট অনুযায়ী ব্যয় নির্বাহ করতে মাথায় চাপে ঋণের বোঝা। দেশের নানাবিধ মন্দা পরিস্থিতিতেই রাষ্ট্রনীতি অনুযায়ী ঘোষণা হতে যাচ্ছে বাজেট পরিকল্পনা। বিজ্ঞজনদের মতে বাজেট বড় অংকের না হয়ে গুরুত্বপূর্ণ একটা বাজেট হোক। যেখানে প্রয়োজনীয় খাতগুলো বিবেচনায় থাকবে। আইএমএফ এবারের বাজেট সংক্ষিপ্ত করার পরামর্শ দিয়েছেন।
গত ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট প্রথমে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা ঘোষণা করা হলেও পরে তা সংশোধন করে ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটিতে নামিয়ে আনা হয়। বড় ধরনের কাটছাঁট হয় রাজস্ব আয়েও। বলাবাহুল্য গত অর্থ বছরের বাজেট বাস্তবতার নিরিখে ছিল না। আর বাজেট প্রণয়নই শেষ কথা নয়। সেটাকে ফলপ্রসূ করতে অত্যন্ত চৌকস এবং সমাজ কল্যাণমুখী টিম থাকা জরুরি। তবে প্রতি অর্থবছরে ঘটা করে বাজেট হলেও বাজেটের যথাযথ বাস্তবায়ন কখনোই সম্ভব হয় না। যদিও নানামুখে প্রচলিত যে, গত অর্থ বছরের বাজেট ছিল ব্যয় সংকোচনমুখী।
আমাদের বাজেট পরিকল্পনায় অর্থনৈতিক মন্দা কাটাতে রাজস্ব আয় বাড়াতে হবে। আয় অনুযায়ী ব্যয়ের খাত নির্ধারণ করতে হবে। আর রাজস্ব আয় বাড়াতে হলে ধারাবাহিক সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। উপযুক্ত জায়গা থেকে নিয়মিত রাজস্ব আদায়ের সংস্কৃতি গড়ে তুলতে হবে। মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বৈশ্বিক প্রতিকূলতায় চলতি অর্থ বছরের বাজেট বিগত সময়ের থেকে সংক্ষিপ্ত করার উপায় নেই যদিও। তবে সামর্থ্য অনুযায়ী বাজেট ঘোষণা একটা বুদ্ধিবৃত্তিক চর্চা। এবারের বাজেটও সময়ের প্রেক্ষিতে সংক্ষিপ্তই মনে করছে বিজ্ঞজনরা।
বলাবাহুল্য গত অর্থ বছরের বাজেট তার আগের গুলোর তুলনায় অত্যন্ত জাঁকজমকপূর্ণই ছিল। অতঃপর ধারে নাহোক ভারে কোনোভাবেই আর সামলে উঠা যায়নি। সেই তুলনায় এবারের বাজেট অংক ছোটই বলা চলে। কিন্তু বাজেটের কতটা অংশ সাধারণ জনগণের স্বার্থে ব্যয় হয় সেটা চুলচেরা বিশ্লেষণ করা প্রয়োজন। কারণ দেশের বিরাট অংশের দরিদ্র জনগোষ্ঠীকে পেছনে ফেলে উন্নয়নের বার্তা কখনো কাঙ্ক্ষিত হতে পারে না।
গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সরকারকে জনমানুষের কল্যাণ সাধনের উপযুক্ত খাতে বাজেটের ব্যয়ের খাত নির্ধারণ করতে হবে। সাধারণ জনগণ ও প্রান্তিক কৃষক প্রজা সাধারণের দুবেলা খাবার ঠিকমতো না জুটলেও সরকারের করের টাকা তারা ঠিক-ঠাক গুনে গুনে শোধ করে। কিন্তু বাজেটের নির্ধারিত অর্থের কতটা ব্যয় হয় প্রান্তিক জনের স্বার্থে সেটা ভাবা দরকার। একই সঙ্গে কতোটা পরিবর্তন আনে তাদের সাধারণ মানুষের জীবনে এটাও লক্ষ্যনীয়।
বাজেট আসে বাজেট যায়, সাধারণ মানুষের জীবনে আদৌ কোন পরিবর্তন আকে কিনা ভাবা দরকার। অথচ এই রাজস্ব খাতে সেই জনগনেরও অর্থ আছে যে ভালোভাবে জীবন-যাপন করতে পারে না। অথচ এই কষ্টেও টাকা লুটপাটে ব্যস্ত এক শ্রেনীর মানুষ। তারা বিভিন্ন দিকের আশ্রয়-প্রশ্রয়ে গা বাঁচিয়ে ঠিকই চলছে। বড় বড় শিল্পের মালিকগণ কোটি কোটি টাকার রাজস্ব দিব্যি হজম করে ফেলে। যথাসময়ে কর্মকর্তাদের ফি সংক্রান্ত যোগাযোগ না করায় কদাচিৎ দু-একটা মামলা মোকদ্দমার সম্মুখীন হয়।
গণতান্ত্রিক ধারার সরকার ব্যবস্থায় প্রতিটি রাষ্ট্রীয় সরকার ক্ষমতায় আসার কথা জনগণের হাত ধরে। জনগণ সকল ক্ষমতার অধিকারী। জনগণ চাইলে কেবল তাদের প্রত্যাশিত ব্যক্তি বা দল ক্ষমতায় থাকবে। কেবলমাত্র এই একটা সূত্রকে সামনে রেখে সাধারণ জনগণ গণতন্ত্র আঁকড়ে ধরে বসে থাকে। নির্বাচনকালে তাদের প্রত্যাশিত দাবি-দাওয়া তুলে ধরে দিন বদলের আশায় সরকারের মুখ চেয়ে থাকে। কিন্তু কৃষকের দিন পাল্টায় না। উল্টো জন্মলগ্নেই সাধারণের মাথায় চাপে ঋণের বোঝা। তাহলে বাজেট কার?
২০২৩-২৪ অর্থবছরেও ১ লাখ ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল অধিকসংখ্যক মানুষকে সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে। কিন্তু সর্বক্ষেত্রে স্বজনপ্রীতি এবং রাজনৈতিক হস্তক্ষেপ কখনোই কোনো সিদ্ধান্তকে নীতিগত ও ন্যায়ের জায়গায় পৌঁছাতে দিয়েছে বলে বলা যাবে না।
বাজেটে বরাদ্দকৃত সুযোগ-সুবিধাগুলো সর্বস্তরের মানুষ যেনো ভোগ করতে পারে তার যথাবিহিত তদারকির দরকার। এতো এতো বাজেট বরাদ্দের পরও সীমিত হচ্ছে কর্মসংস্থান। কমেছে সাধারণের জীবন-মান। ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রক্রিয়ায় সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানোর প্রসঙ্গ একেবারেই ভিত্তিহীন।
এক্ষেত্রে কৃষিতে বিনিয়োগ কার্যকরী ভূমিকা রাখবে অনেকখানি। আমাদের নিত্যপণ্যগুলো অর্থাৎ গম, চাল, ডাল, নুন, তেল, দুধ, মাছ, আদা-রসুন-পেঁয়াজ, চিনি আমদানি করতে হয়। যা আমদানি বন্ধে কৃষিতে যথাযথ বিনিয়োগের মাধ্যমে দেশেই উৎপাদন করা সম্ভব। কৃষি প্রধান বাংলাদেশের কৃষিতে যথাযোগ্য নজর না দেয়ায় কৃষি ব্যবস্থা হুমকির মুখে। কৃষি উৎপাদনে সরকার যত্নশীল হলে কৃষি ও ভোগ্যপণ্য আমদানির পরিমাণ কমে খাদ্যে অনেকটাই সয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব। এতে ভিন্ন দেশের প্রতি নির্ভরশীলতা কমার পাশাপাশি দূর হতো বেকারত্ব। কৃষিতে বাড়তো বিনিয়োগ।
কৃষিতে নানা জটিলতা আর প্রতিকূলতা কাটিয়ে উঠতে না পেরে অনেক কৃষক এখন জীবিকার সন্ধানে শহরমুখী। শহরে বাড়ছে দরিদ্র ভাসমান মানুষ। এছাড়াও শিল্প পণ্যের কাঁচামাল থেকে শুরু করে পুরোটাই আমদানিনির্ভর। এক্ষেত্রে মূল্যস্ফীতি কমানোর প্রসঙ্গ কতোটা কার্যকরী?
তবুও এ অবস্থাতেই ফিরে ফিরে আসে প্রতি অর্থ বছরের বাজেট। তবে প্রতিটা আসন্ন বাজেটের পূর্ব-লগ্নে জনগণের প্রত্যাশা থাকে। দিন বদলের প্রত্যাশা। রাষ্ট্রীয় সরকারকে তাই বাজেটের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক আর দক্ষতার পরিচয় দেয়া দরকার। দেশের ম্যাক্সিমাম সম্পদ নির্দিষ্ট কিছুসংখ্যক ব্যক্তির হাতে গচ্ছিত, এ কথা প্রবাদের মত হয়ে গেছে।
গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ত্রুটিগুলো বিস্তৃত হতে হতে আমাদের রাষ্ট্র এখন পুঁজিতন্ত্রের সূতিকাগার। মোদ্দাকথা গণতন্ত্রই পুঁজিবাদের জন্মদাতা। গণতান্ত্রিক রাষ্ট্রে বাজেট তৈরি আর নিয়ন্ত্রণের রিমোট থাকে পুঁজিপতিদের হাতে। বরাদ্দকৃত অর্থ তাদের হাত ডিঙিয়ে আর সাধারণের হাতে পৌঁছাতে পারে না। দেশের মানুষের অর্থনৈতিক জীবন মান তাই তথৈবচ। দরিদ্র আরও দরিদ্র হয়। পুঁজিপতি আরও পুঁজির মালিক হয়। প্রকল্পের কার্য প্রক্রিয়ায় ঠিকাদারিত্বে স্বজনপ্রীতি এবং রাজনৈতিক হস্তক্ষেপ বাজেট বাস্তবায়নের পথে বড় অন্তরায়। এমন ব্যবস্থায় মুখ থুবড়ে পড়ে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প। কৃষকের হাতে থাকে না কৃষিপণ্যের যোগ্য দাম। বেড়ে চলে বেকারত্ব আর দারিদ্র্য।
এসব সমস্যা থেকে উত্তরণের জন্য জনমুখী বাজেট এবং তার যথাযথ বাস্তবায়ন দরকার। প্রথমেই দুর্নীতি মোকাবিলার পদক্ষেপ নেয়া জরুরি। যদিও বৈশ্বিক বাজার নীতিতে সরকারের কোনো হাত নেই। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সিন্ডিকেট নির্মূল করা সম্ভব। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসবে। কেননা মূল্যস্ফীতির কারণে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ এখন চরম সীমায়। কাজেই ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সর্বক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপও নিয়ন্ত্রণ প্রয়োজন। দুর্নীতি আর নানাবিধ অর্থনৈতিক সংকট ও অস্থিতিশীলতার মধ্যে বাস্তবায়নযোগ্য বাজেটই সকলের কাম্য। ইতোমধ্যে বিদ্যমান মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের মধ্যেও।
এতোসব পরিস্থিতি সামলে জনগণের মৌলিক সেবা যতটা সম্ভব নিশ্চিত করে বাজেট পরিকল্পনা প্রণয়নই এখন গণমানুষের দাবি। মধ্য ও নিম্ন আয়ের মানুষ দিশেহারা লাগামহীন মূল্যবৃদ্ধির প্রক্রিয়ায়। আর তাই এবারের বাজেট হোক গণমুখী। স্থিতিশীল অর্থনীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এছাড়াও ডলার সংকট নিরসনে চ্যালেঞ্জকৃত এবারের বাজেট কতটা সার্থক বাস্তবায়ন হয় তা ধৈর্য ধরে অপেক্ষার বিষয়।
লেখক: আইনজীবী ও প্রাবন্ধিক।
মানবকণ্ঠ/এফআই

