সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই মানুষের মৃত্যু হচ্ছে। মর্মান্তিক এই মৃত্যুতে স্বজন হারানোদের বুকফাটা আর্তনাদ ও আহাজারি পরিবারকে করে দিচ্ছে নিস্তব্ধতা আর অসহায়। কেউ স্বজন হারানোর শোক কাটাতেই পারছে না, কেউ আবার পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে আর্থিক সংকটে পড়ছেন। প্রতিদিনই খবরের পাতায় দেখছি দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় অনেকে নিহত বা আহত হচ্ছেন।
এসব দুর্ঘটনায় শুধু একজন মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং পুরো পরিবারই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা শুধু ক্ষতিগ্রস্ত পরিবারই অনুভব করতে পারে। কিন্তু আপনার আমার কেউ না হারালে কি এই বেদনা কখনও উপলিব্ধ করতে পারবো? পারবো না, হয়তো একটু সহানুভূতি হবে, এছাড়াই বা কি।
গত এপ্রিল মাসের ১৬ তারিখে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের তেঁতুলতলা দিকনগর এলাকায় ঢাকা-খুলনাগামী একটি বাসের সাথে বিপরীত দিক আলফাডাঙ্গা থেকে আসা ফরিদপুরগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে একই পরিবারে ৫ জন। এছাড়াও এপ্রিলের ১৭ তারিখে ঝালকাঠিতে প্রাইভেটকার ও অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ১৪ ও পার্বত্য রাঙ্গামাটি জেলার সাজেকের উদয়পুরে ২৪ এপ্রিলে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে। দিনকে দিন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। তেমনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনাও কম নয়।
গত এপ্রিল মাসের ৪ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত বিআরটিএর রিপোর্ট অনুযায়ী ১৭ দিনে ২৮৬ টি সড়ক দুর্ঘটনায় ৩২০ জন নিহত হয়েছে আর ৪৬২ জন আহত হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। এদিকে, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনের তথ্য মতে, গত এপ্রিল মাসেই সারাদেশে ৬৮৩টি সড়ক দুর্ঘটনায় ৭০৮ জন নিহত ও আহত হয়েছেন ২ হাজার ৪২৬ জন।
সময়ের সাথে বদলে গেছে বাংলাদেশের চিত্র, হয়েছে যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব উন্নত। সরকার দেশের সড়ক ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সড়ক যাতায়াতে সরকার ব্যাপক বিনিয়োগ করেছে এবং জনগণ এর সুফল পেতে শুরু করেছে ইতিমধ্যে। তবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতির সঙ্গে নিরাপত্তার বিষয়টি বাস্তবতা কতটুকু?
আধুনিক সড়ক ও সেতু হয়েছে, কিন্তু সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কমছে না, সড়ক দুর্ঘটনার কারণে মৃত্যুর ঘটনা বেড়েই চলছে। বরং যেখানে সড়কে মৃত্যু সংখ্যা কমার কথা, সেখানে আরো বেড়েই চলেছে। এখন মনে প্রশ্ন হতে পারে তাহলে প্রতিদিন এই সড়ক দুর্ঘটনার জন্য দায়ী কারা? অবশ্যই বেপরোয়া চালক। কিন্তু এটি একটি ভুল ধারণা। সড়ক দুর্ঘটনায় শুধু চালক এককভাবে দায়ী থাকে না। এজন্য ফিটনেসবিহীন গাড়ি, পথচারীদের অসতর্কতা, ফুটওভার ব্রিজ ব্যবহার না করা, সড়ক নির্মাণে ত্রুটি প্রভৃতি কারণ হয়ে থাকে। তবে, চালকদের দায়ীটা সবচেয়ে বেশি। তাদের দ্রুত গন্তব্যে পাড়ি দেওয়ার আকাক্সক্ষা, অদক্ষতা, বিপজ্জনক ওভারটেকিং, খামখেয়ালীভাবে গাড়ি চালানো ও মাদক সেবন এসকল কারণে সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি পাচ্ছে।
আর এদিকে ঈদের সামনে আসলেই বাড়ে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা। উপরে তথ্যের ভিত্তিতে এপ্রিল মাসের জরিপে তা পরিষ্কার। যদি ঈদুল ফিতরের মাসেই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা উর্ধগতি হয়, তাহলে সামনে আসছে ঈদুল আজহায় মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে? বিআরটিএর হিসাবে ২০২৩ সালে সড়কে ৫ হাজার ২৪ জনের মৃত্যু হয়। আহত হন ৭ হাজার ৪৯৫ জন। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, ২০২৩ সালে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫২৪ জনের। আহত হয়েছেন ১১ হাজার ৪০৭ জন। তাহলে ২০২৪ সালের জরিপে মৃত্যুহার কোথায় গিয়ে থামবে?
বাসের ফিটনেস আছে কি না, তা দেখার দায়িত্ব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের। মালবাহী ট্রাকে যাত্রী ও অতিরিক্ত গতি ঠেকানো এবং তিন চাকার যান মহাসড়কে চলাচল বন্ধ রাখার দায়িত্ব হাইওয়ে পুলিশের। সড়ক খানাখন্দমুক্ত রাখার কাজটি সড়ক ও জনপথ অধিদপ্তরের। আর চালকদের দেখার দায়িত্ব মালিকপক্ষের। গাড়িচালক ও পথচারী সবাই সড়ক দুর্ঘটনার জন্য কোনো না কোনোভাবে দায়ী। এখনো দেখা যায় লোকাল বাসগুলোতে যাত্রীরা এমনভাবে দরজার হ্যান্ডেল ধরে ঝুলে যায় যে, একটু অসাবধান হলেই ছিটকে পড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়।
সড়কে আরেকটি বড় সমস্যা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার করেন না। অনেক সময় দেখা যায় শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপজ্জনক সড়ক ঝুঁকি নিয়ে পার হচ্ছেন অনেকে। যদিও আলসেমির কারণে তারা ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চান না, কিন্তু যুক্তি দেখান নানা অজুহাতের। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তা সবাই বুঝি। কিন্তু বাস্তব অর্থে তা কেউ উপলব্ধি করি না। আগের চেয়ে মানুষ এখন অনেক সচেতন, কিন্তু তারপরেও যদি এই অবস্থা চলে, তাহলে রাষ্ট্রের বা কি করা? তবে, রাষ্ট্রের আরো দায়িত্বশীল হতে হবে।
হাইওয়ের পুলিশের প্রধান কাজ হলো সড়কে সুরক্ষা ও ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আদৌও কি পারছেন সাধারণ পথযাত্রীদের নিরাপত্তা দিতে? না আসলে পারছেন না। কারণ নিরাপত্তা নিশ্চিত করতে গিয়েই পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। সড়ক ব্যবহারে নীতিমালা ও আইন অমান্যকারীদের আইনের আওতায় আনতে গেলেই পড়তে হচ্ছে ক্ষমতাসীন ব্যক্তিদের মুখোমুখি, পারছেন না, আইনের সঠিক প্রয়োগ করতে। সড়কের ট্রাফিক নিয়ম অনুসরণ, সড়কে প্রবেশ ও সম্প্রসারণ নিয়ন্ত্রণ করতে মানুষদের নির্দেশনা দিয়ে থাকে হাইওয়ে পুলিশ। তাদের লক্ষ্য সড়ক দুর্ঘটনা কমানো এবং সড়ক পরিবহনে নিয়ন্ত্রণ ব্যবস্থা সুনিশ্চিত করা।
রোদ বৃষ্টিতে ভিজে জনগণের সেবায় পুলিশ দায়িত্ব পালনে রেখে যাচ্ছে অবিচল অবদান। কিন্তু কিছু অসাধু ট্রাফিক পুলিশের জন্য সড়ক দুর্ঘটনার প্রাণ হারাচ্ছে অনেক সাধারণ মানুষ। সড়কের আইন অমান্য করেই অনেক পথযাত্রী পেয়ে যাছে মুক্তি। অপরাধ করেও টাকার বিনিময়ে ছাড় দিচ্ছেন কিছু অসাধু পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আরো কঠোর হতে হবে রাষ্ট্রের। যাতে করে জনগণ সঠিক সেবা পায় তাদের কাছ থেকে।
আর এদিকে, সড়ক দুর্ঘটনার জন্য যদি চালকদেরকে জরিমানা বা মামলার আওতায় আনা হয়, তবে যেসব পথচারী সড়কে ফুটওভার ব্রিজ সড়ক আইন মানতে নারাজ তাদেরকেও জরিমানার আওতায় আনা দরকার। সড়কে কোন ফিটনেসবিহীন গাড়ি না থাকে এবং কোনো অদক্ষ বা অনভিজ্ঞ চালক সড়কে যেন গাড়ি নিয়ে বের না হতে পারে সেটি নিশ্চিত করতে হবে রাষ্ট্রেরই।
উন্নত দেশগুলোতে গাড়ির লাইসেন্স নেওয়ার জন্য ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হতে হয়। বিদেশে গাড়ি চালানোর সময় নিয়ম মেনে চলে গাড়ি চালকরা। তারা সবাই সড়কের আইনকানুন মেনে চলে। এজন্য আমাদের দেশের তুলনায় সেসব দেশে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কম। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের দেশে যে আইন আছে এটির সঠিক ব্যবহার করা দরকার। সারা পৃথিবীতে সড়কে আইন লঙ্ঘন করলে মোটা অঙ্কের জরিমানা করা হয়। কিন্তু আমাদের দেশে সেটি করা হয় না। সড়কে সিসি ক্যামেরা বাড়িয়ে পুলিশি মনিটরিংয়ের ব্যবস্থা করলে এবং ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ড্রাইভারকে সঠিকভাবে প্রশিক্ষণ দিলে দেশে সড়ক দুর্ঘটনা কমে আসবে।
সড়ক দুর্ঘটনার জন্য পৃথকভাবে আমরা সবাই দায়ী। আমাদের সবার সচেতনাই পারে এই দুর্ঘটনা থেকে মুক্তি দিতে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট।
মানবকণ্ঠ/এফআই

