আমাদের দেশ নদীমাতৃক দেশ। খাল-বিল-হাওর-বাঁওড়-নদী যেন জালের মতো ঘিরে রেখেছে দেশটিকে। মিঠেপানির এত আধিক্য বা সমারোহ বুঝি আর কোথাও নেই। এক সময় মানুষ পুকুরের পানি পান করত নির্দ্বিধায়। খাল-বিলের পানিও হাইব্রিড ফসলে বিষ ও সার দেয়ার কারণে মানুষ খায় না। তবে খাওয়া যেত। বিশ্বের কোনো দেশে এত মিঠেপানি আছে বলে আমাদের জানা নেই। অথচ নগর সভ্যতা এতদূর এগিয়েছে যে, পানিও কিনে খেতে হয়। আর মূল্যস্ফীতি যেহেতু চেপে বসে আছে সবার ঘাড়ে, সেহেতু পানির দামও বাড়ছে। কিন্তু এই মিঠেপানির রাজ্যে পানির দাম বাড়ানো হলে মানুষ যাবে কোথায়? কারণ এই পানির রাজ্যে পানির দামও যদি বাড়ে তাহলে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। নেতিবাচক প্রভাব পড়বে সবকিছুতে। ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, পানির দাম বাড়ানোর বিষয়ে একরকম নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে তারা। কিছু প্রক্রিয়া শেষ করে নতুন দাম ঘোষণা করা হবে। অর্থাৎ চলতি বছরের ১ জুলাই থেকে বাসাবাড়ি ও অফিস আদালতে সরবরাহ করা পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। গত বুধবার পত্রিকায় প্রকাশিত ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়ার পর ১৬ বছরে ১৬ বার পানির দাম বাড়াল ঢাকা ওয়াসা।
২০২২ সালেও পানির দাম বাড়াতে চেয়েছিল ঢাকা ওয়াসা। কিন্তু তখন ওয়াসা কর্তৃক পানির দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়। বিধি প্রণয়ন না করে ওয়াসার পানির মূল্যবৃদ্ধি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। এরপর পানির দাম বাড়ানোর বিষয়টি স্থগিত ছিল। পরবর্তীতে ২০২০ সালের ১ এপ্রিল থেকে গ্রাহক পর্যায়ে আবাসিক সংযোগে ১১.৫৭ টাকা থেকে ২৫% বাড়িয়ে ১৪.৪৬ টাকা এবং বাণিজ্যিক সংযোগে ৩৭.০৪ টাকা থেকে ৮% বাড়িয়ে ৪০ টাকা করা হয়। ঢাকা ওয়াসা গ্রাহকদের ওপর অযৌক্তিকভাবে দাম চাপিয়ে দিতে চাচ্ছে। এমনিতেই অন্যান্য ওয়াসার চেয়ে ঢাকা ওয়াসা পানির দাম বেশি নিচ্ছে। এরপর আবার দাম বাড়ানোর প্রস্তাবনা অযৌক্তিক। ধনী-গরিব কারও ওপরই বাড়তি ব্যয়ভার চাপিয়ে দেয়া উচিত নয়। তাদের এই নতুন পদ্ধতি অযৌক্তিক এবং এতে অস্বচ্ছতা রয়েছে। ওয়াসার পানি সম্বন্ধে সাধারণ জনগণের অভিযোগ গরমের সময় ঠিকমতো ওয়াসার পানি টাকা দিয়েও পাওয়া যায় না। তারপরও মাস গেলে ঠিকই বিল দিতে হয়। ফের দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক এবং স্বেচ্ছাচারিতা। এমনিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এর মধ্যে পানির দাম বাড়ালে আমরা জনগণ কোথায় যাব?
আমরা মনেকরি নিম্নবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত এলাকায় একই মূল্য থাকতে পারে না। যেকারণে মূল্যের একটি সমন্বয় দরকার, কিন্তু এর মানে এই নয় যে সামগ্রিকভাবে মূল্য বাড়িয়ে দেয়া হবে। সবার জন্য যদি মূল্যবৃদ্ধি করা হয় তাহলে মূল্যস্ফীতির এই সময়ে তা সাধারণ নাগরিকদের দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে। তাই ওয়াসার জবাবদিহিতা নিশ্চিত না করে দুর্নীতির লাগাম না টেনে এভাবে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত হবে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো। এ ব্যাপারে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেয়া দরকার।
মানবকণ্ঠ/এসআরএস

