পুলিশের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল (আইজি) বেনজীর আহমেদের নিজের, স্ত্রীর ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। আদালত আয়বহির্ভূত সম্পদের বিষয়ে নিশ্চিত হয়েই এমন রায় দিয়েছে। এই রায় একটি মাইলফলক হয়ে থাকবে।
বাস্তবিক সীমাহীন অবৈধ সম্পদ তিনি গোপন করতে পারেননি। তার বিরুদ্ধে দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলো বিপুল দুর্নীতির অভিযোগে সরেজমিনে অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরেছে। তিনি যে সম্পদ অর্জন করেছেন তা কোনো বৈধভাবে করার সুযোগ নেই। এরইমধ্যে তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুদক ডেকেছে।
বেনজীর আহমেদ ১৯৮৮ সালে এএসপি হিসেবে যোগদান করা একজন পুলিশ কর্মকর্তা হিসেবে বিপুল সম্পদের মালিক ছিলেন না। তিনি ৪৭০ টাকা বেতন চাকরি শুরু করেন আর ২০২২ সালে অবসরে যান ৭৮ হাজার টাকা বেতনে। তার সারা জীবনে সরকারি সমস্ত সুবিধাসহ বেতন-ভাতা বাবদ বৈধ আয় হবে দুই কোটি টাকারও কম। অথচ তিনি নিজের মেয়ের বিশ্রামের জন্য যে ফ্ল্যাট কিনে দিয়েছিলেন তার মূল্যই তিন কোটি টাকার বেশি। এছাড়া তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের নানা প্রান্তে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। অথচ ২০২১ সালেই রাষ্ট্র তাকে সততার জন্য শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছিল।
একটি দৈনিকে ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শীর্ষক প্রতিবেদনে সারাদেশ তোলপাড় হয়। প্রতিবেদনে দেখা যায় তিনি ২ হাজার ২শ বিঘা জমির ওপর একটি ইকো রিসোর্ট নির্মাণ করেছেন যেখানে সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুলও রয়েছে। রয়েছে সহস্রাধিক ভিয়েতনামি নারকেল গাছ। রয়েছে বিদেশি শিল্পীদের স্থাপত্য নকশার কারুকাজসম্পন্ন বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ। তার প্রভাবে ওই চকের নামই হয়েছে বেনজীরের চক।
তিনি তৈরি করেছেন সাভানা ফার্ম প্রডাক্টস, সাভানা অ্যাগ্রো লিমিটেড, সাভানা ন্যাচারাল পার্ক, সাভানা ইকো রিসোর্ট ও সাভানা কান্ট্রি ক্লাব। এসবকে রক্ষা করতে তিনি ওখানে পুলিশ ফাঁড়ি করেছেন। রিসোর্টে যেতে প্রায় ৭ কিমি সড়ক তৈরি করিয়ে নিয়েছেন এলজিইডিকে দিয়ে।
তিনি গাজীপুরে বনের ১৬০ বিঘা জমি দখল করে করেছেন ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা, কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে কিনেছেন বিস্তর জমি, সেন্টমার্টিনে আড়াই একর জমির নারিকেল বাগান দখল করেছেন, জিনজিরা দ্বীপে ১.৬৮ একর জমি কিনেছেন, ঢাকায় দামি ফ্ল্যাট কিনেছেন, পাঁচতারা হোটেলের মালিক হয়েছেন। এগুলো কি নজিরবিহীন নয়?
সরকারি দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, এতে সরকারের কোনো দায় নেই। তাহলে এই দায় কার? এর দায় কি কেবল পুলিশ বিভাগের উপর বর্তায়? পুলিশ বিভাগ কি সরকারের বাইরের কেউ? রাষ্ট্রের প্রতিটি বিভাগই তাদের দায়িত্ব যে সঠিকভাবে পালন করে না— তারই প্রমাণ বেনজীর আহমেদের বিপুল দুর্নীতি। এর আগেও টেকনাফের ওসি প্রদীপ কুমার দাশ ভয় দেখিয়ে এবং মানুষ হত্যা করে বিপুল অর্থ আয় করেছিলেন।
মেজর সিনহাকে হত্যার আগ পর্যন্ত তিনি বহাল তবিয়তেই ছিলেন। একজন সেনা কর্মকর্তাকে হত্যা না করলে তার বিষয়টিও প্রকাশ্যে আসতো না। আইজি বেনজীরের এতো সম্পদও কোনো স্বাভাবিকভাবে হয়নি। এজন্য তাকেও আধিপত্য বিস্তার করতে হয়েছে। পুলিশ বিভাগ নিজেকে যে পরিচ্ছন্ন করার কোনো উদ্যোগই নেয়নি এটি তার বড় প্রমাণ। দুদকের কারণে রায়টি হলেও দুদকের বড় ব্যর্থতা হিসেবেও চিহ্নিত হবে বেনজীর ইস্যু। দুদক গঠনের সময় বলা হচ্ছিল, এতে দেশের দুর্নীতির মাত্রা কমে আসবে।
গত এক দশকের মধ্যে এখনই দেশে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি। তারা ক্ষমতায় থাকা বেনজীরের অপকর্মের কোনো খোঁজ নিতেই আগ্রহী ছিলেন না। তাকে শুদ্ধাচার পুরস্কারও দেয়া হয়। দুদক বহু আঙুল ফলে কলাগাছ হওয়াদের দায়মুক্তি সনদ দিয়েও বিতর্কিত হয়েছে বিভিন্ন সময়। সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানসহ অনেককেই তারা দায়মুক্তি দিয়েছিল। কিন্তু সম্পদ বেড়েছিল কয়েক হাজার গুণ। এমন চেরাগপ্রাপ্তি নিয়ে দেশে আরো আলোচিত প্রতিবেদন হয়েছে যার একটিতেই এক লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছিল। রাষ্ট্র এসব প্রতিহত করতে পারেনি।
জনগণের ক্ষমতার একটা শক্তি থাকে। বঙ্গবন্ধু যখন রাজনীতিতে আসেন তখন তার কোনো পারিবারিক প্রভাব ছিল না। কিন্তু তিনি এতো ক্ষমতা পেলেন কোথায়? জনগণ যে তার ডাকে সাড়া দিত! তিনি জনগণের মধ্যে উদ্দীপনা তৈরি করে নেতা হয়েছিলেন। জনগণের এই ক্ষমতাটাই যখন নেতাদের মাঝে প্রবাহিত হয় তখন তারাও প্রাণবন্ত হয়ে ওঠেন এবং প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। কিন্তু বঙ্গবন্ধুর পরে দেখা গেছে নেতারা যখন প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন তখন প্রশাসনের লোকদের নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে উঠবে। ঠিক এ কারণেই প্রদীপ থেকে বেনজীরদের থামানো যায়নি।
গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বলা হয় যে, জনগণই সকল ক্ষমতার উৎস। বাস্তবিকও জনগণের সম্মতির উপরই ক্ষমতা নির্ভর করে। আধিপত্যের বিষয়টি নিয়ে আন্তনিও গ্রামসি মূল্যায়ন করেছেন মুসোলিনির জেলখানায় বসে। নেতৃত্বের ক্ষমতা লাভ ও তা স্থায়ীকরণের চেষ্টার জন্য আধিপত্য বিস্তার করতে হয় যেটাকে গ্রামসি বলেছেন হেজিমনি। ক্ষমতা পুরোপুরি করায়ত্ত থাকার পরেও বুদ্ধিবৃত্তিক ও নৈতিক নেতৃত্ব ধরে রাখতে হয়। এজন্যও আধিপত্য বিস্তার করতে হয়। যা শ্রেণিশ্রেষ্ঠত্বের ভিত্তি হিসেবে তিনি উল্লেখ করেছেন।
সহজভাবে বললে হেজিমনি হলো একটা ক্ষমতা বা কর্তৃত্ব যা একটি গোষ্ঠী অন্যদের উপর চাপিয়ে রাখে। আমরা দেখি সংখ্যাগরিষ্ঠের ধর্ম কিভাবে কর্তৃত্ব করে গ্লোবাল সাউথে। মানুষতো কেবল শক্তির দ্বারা শাসিত হয় না। রাজনৈতিক নেতৃত্ব শাসিতের সম্মতির উপর নির্ভর করে যা আদায়ে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। এমন কৌশলের অংশ হিসেবেই জনগণের উপর আধিপত্য বিস্তারে পুলিশ হয়ে ওঠে নিয়ামক। এ ধরনের রাষ্ট্র পুলিশি রাষ্ট্র হিসেবেই খ্যাত হয়ে ওঠে।
বাংলাদেশে সুশীল সমাজ সেভাবে গড়ে ওঠেনি। আমাদের মধ্যবিত্তরাও শিক্ষা ও সংস্কৃতির মূল বাহক নন। এই শ্রেণিটা ধর্মকে আশ্রয় করে বাঁচে ও সুখে থাকে। তারা একটা ধর্মভিত্তিক সমাজ তৈরি করে তাতে বুঁদ হয়ে থাকে। ফলে আমাদের মধ্যবিত্তরাও প্রগতির অন্তরায় হিসেবেই আবির্ভূত হয়েছেন। তারা গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় মূল ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। আমাদের লেখকরাও অধিকাংশই মধ্যবিত্ত শ্রেণির। তারাও সমাজ পরিবর্তনে তেমন ভূমিকা রাখতে পারেন না। কোনো আদর্শিক কারণে লেখকগণ সমাজ ভাঙার অভিপ্রায় নিয়ে এমনটা করেন না। ফলে দুই-একজন বিপ্লব করতে চাইলেও তা সহজেই নিষ্ক্রিয় হয়ে যায়।
অর্থনৈতিক উন্নয়ন নিয়ে যত প্রশ্নই থাকুক না কেন, উন্নয়ন কিছুটা ঘটেছে এটাই সত্য। তবে আমাদের সামাজিক ও রাজনৈতিক উন্নয়নটা যে ঘটেনি তা হলফ করেই বলা যায়। পৃথিবীতে দুই শতাধিক রাষ্ট্র থাকলেও ভালো গণতন্ত্র আছে এমন দেশের সংখ্যা মাত্র ২৩টি। দুর্বল গণতান্ত্রিক দেশ আছে মাত্র ৫২টি দেশ। এসব তালিকায় বাংলাদেশ নেই। আমরা আছি সেই দেশের তালিকায় যেখানে প্রহসনমূলক নির্বাচন হয়।
স্যামুয়েল হান্টিংটনের ‘ক্লাস অব সিভিলাইজেশনস’ বইটিতে বলা হয়েছে, ‘দুই পরাশক্তির প্রভাব বিস্তারের দিন শেষ হয়েছে। পৃথিবী আর পরাশক্তির দিকে মেরুকরণ হবে না। তারা নিজেদের সংস্কৃতির দিকে নজর দিবে। আপনি কোন সংস্কৃতির লোক সে প্রশ্নই মুখ্য হয়ে উঠবে।’ সেই অবস্থাটা টের পাওয়া যাচ্ছে বৈকি?
রাষ্ট্র গঠিত হলে নাগরিকগণ কোনো সুবিধা নাও পেতে পারেন, যদি না সে রাষ্ট্রে আইনের শাসন থাকে এবং সে রাষ্ট্র যদি গণতন্ত্রের দিকে অগ্রযাত্রা না করে। অনেকে বলতে চান, ‘গণতন্ত্রে তো সাধারণ মানুষের ভোট দেয়া ছাড়া কিছু করার থাকে না। তারা নির্বাচনে প্রার্থী হতে পারে না। প্রার্থী হলেও বিজয়ী হতে পারে না। জাতীয় জীবনে তারা প্রভাব বিস্তার করতে পারে না।’ এসব কথা সত্য নয়। গণতন্ত্র থাকলে, জনগণের কাছে নেতাদের যেতেই হয়, তাদের প্রতিশ্রুতি দিতে হয় এবং জবাবদিহিতারও সুযোগ তৈরি হয়।
পাশ্চাত্যের দেশগুলোতে আমরা এমনটাই দেখি। যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন বেতন কম বলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেয়ার কথা বলেছিলেন। আমরা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে যেতে দেখেছি। সুষ্ঠু গণতান্ত্রিক সংস্কৃতিতে এমনটাই দেখার কথা। গ্লোবাল সাউথের দেশগুলোতে আমরা দেখছি রাষ্ট্রক্ষমতায় থাকাদের পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আধিপত্য তৈরি করতে। ফলে দুপক্ষই ক্ষমতার অপপ্রয়োগ করেই অবৈধভাবে আয় করে ধনী হয়ে উঠেন অর্থাৎ এসব দেশের রাজনীতি হয়ে ওঠে বিপুল লুটপাট করার হাতিয়ার।
যদি সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থা তাদের ক্ষমতার সম্পূর্ণ ব্যবহার করতে পারতেন এবং প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করা যেতো তাহলে এমন অপপ্রয়োগ হতো না। যেমন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন ইত্যাদি সংস্থাগুলো তাদের ক্ষমতা ব্যবহার করতে পারছে না কোনোভাবেই। দুর্নীতি, অদক্ষতা ও রাজনৈতিক হস্তক্ষেপই এর প্রধান কারণ হিসেবে আমরা দেখি কিন্তু তার পেছনের কারণ আমাদের সংস্কৃতি।
আমরা মানুষ হিসেবে যেমন দক্ষ হয়ে উঠতে পারিনি আবার সে কারণে আমরা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত থেকে সবকিছুই ধামাচাপা দিয়ে চালিয়ে নিতে চাই। একজন নেতা ক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ করেন না। আইন-শৃঙ্খলা বাহিনীসহ কোনো সংস্থাই যখন দেখবে ঠিক কাজটি করলে তিরস্কৃত হতে হচ্ছে আর ভুল কাজটি করলে পুরস্কার পাওয়া যাচ্ছে তখন কে চাইবে সঠিক কাজটি করতে— সে ওসি প্রদীপই হোন আর আইজি বেনজীরই হোন।
লেখক: কবি, প্রাবন্ধিক ও সংগঠক।
মানবকণ্ঠ/এফআই

