শিক্ষায় যে গতানুগতিক প্রক্রিয়া বিস্তৃত রয়েছে সেটি যে শিক্ষার জন্য মারাত্মক ঝুঁকি ও মহাবিপজ্জনক এবং শিক্ষার এই পদ্ধতিগত ভুল পরিবেশ শিক্ষাকে যে রীতিমতো ধ্বংস করছে। শুধু শিক্ষাকে ধ্বংস করছে এমনটি নয়, পাশাপাশি পুরো সমাজিক, সাংস্কৃতিক পরিবেশকে সঙ্গে নিয়েই ধ্বংস করছে। এটি অনেক পূর্বের সময় থেকে রুশো, পেস্তালৎসি সহ বড় বড় মনীষী দর্শনগত জায়গা থেকে বারবার দদৃশ্যমান করেছেন।
কিন্তু শিক্ষাক্ষেত্রে ক্ষমতা ও বিশেষ ব্যবস্থার বিশেষ অনুকরণীয় করে রাখার স্বার্থে শিক্ষাকে গতানুগতিক প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করা হচ্ছে। যার ফলে শিক্ষায় আস্থাহীনতার বিশ্বাস তৈরি হচ্ছে। পেস্তালৎসি সে গতানুগতিক সংকীর্ণ পরিবেশকে সম্পূর্ণ বাতিল করে দিয়েছিলেন এবং দেখিয়েছিলেন শিক্ষার সঠিক ও যথার্থ পদ্ধতিগত রূপ । শুধু তত্ত্ব দিয়ে ক্ষান্ত হননি পেস্তালৎসি দীর্ঘ পরীক্ষণের মাধ্যমে শিক্ষার পদ্ধতি উদ্ভাবন করেন।
পেস্তালৎসি রুশোর মতো প্রকৃতিগত শিক্ষাকে মূল শিক্ষার প্রধান লক্ষ্য হিসেবে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ শিক্ষার্থী প্রকৃতির সৌন্দর্য ও ভাব সম্পদের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। শিক্ষার্থীর শক্তি, সামর্থ্য ও মানসিক বৃত্তিগুলোর স্বাভাবিক ও সুষম বিকাশ সাধন হলো শিক্ষার অংশ। চিন্তাগত চর্চাকে জাগ্রত করতে হলে প্রথমত এই প্রাথমিক শিক্ষার অনুসরণ জরুরি। যদি শিক্ষার্থী তার শক্তি, সামর্থ্য ও মানসিক বৃত্তিগুলোর স্বাভাবিক ও সুষম বিকাশ ঘটাতে না পারে, তাহলে তার ভিতর তৈরি হবে দুর্বলতা। আর সেই দুর্বলতার ফলে শিক্ষার্থী তার চিন্তাগত চর্চায় বাধাগ্রস্ততা অনুভব করবে।
পেস্তালৎসি তাই শিশুর শিক্ষায় মনোবৈজ্ঞানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। শিক্ষার্থীর সহজাত সম্ভাবনা ও বৈশিষ্ট্যগুলোর সর্বাঙ্গীণ বিকাশ, যা আসবে শিক্ষার্থীর বাড়ন প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ ও সুসংহত কার্যাবলির মাধ্যমে। বাস্তব কাজের মাধ্যমে শিক্ষার্থীর ইন্দ্রিয়গুলোর বিকাশের মধ্য দিয়ে পর্যবেক্ষণ ক্ষমতার উৎকর্ষ সাধন করানো। পাশাপাশি শিক্ষা গ্রহণের কেন্দ্র বিদ্যালয়ের পরিবেশ তৈরিতে কৃত্রিম ও কঠোর শৃঙ্খলা দ্বারা নিয়ন্ত্রণের বিরোধিতা করেছেন পেস্তালৎসি, তার মতে বিদ্যালয় হবে স্বচ্ছ ও প্রীতিময় আবহাওয়াপূর্ণ গৃহেরই প্রতিচ্ছবির মতো। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক পারস্পরিক আদান-প্রদান ও সহানুভূতির ওপর প্রতিষ্ঠিত হতে হবে।
অন্যদিকে শিক্ষায় যে সমাজে নৈতিকতা ও সামাজিক উন্নয়নের প্রধান উপায়। পেস্তালৎসি লিউনার্ড ও গারট্রুড নামক বইয়ে উল্লিখিত শিক্ষা পরিকল্পনায় দেখিয়েছেন যে “ শিক্ষা কেবল শিক্ষার্থীর মানসিক ও নৈতিক উন্নতি সাধন করে তাই নয়, সে সঙ্গে বৃহত্তর সমাজের মধ্যেও অনুরূপ সংস্কার ও পরিবর্তন এনে থাকে।”
অর্থাৎ শিক্ষার মধ্য দিয়ে পুরো একটা সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ও পরিবর্তন হয়ে যেতে পারে। এমন বৃহৎ সত্যকে পেস্তালৎসি অনেক পূর্বেই দৃশ্যমান করেছেন, বর্তমানে সে সত্যকে আমরা স্পর্শও করেছি বটে। কিন্তু সঠিক স্পর্শ আমরা করতে পারিনি, কারণ আমাদের শিক্ষায় গতানুগতিক প্রক্রিয়ার বিরুদ্ধে গিয়ে সংস্কার কিংবা পরিবর্তনের মতো কোনো দৃঢ় পদ্ধতিই নেয়। সেক্ষেত্রে আমাদের শিক্ষা পদ্ধতি সমাজে কেমন ভাবে প্রভাব রাখছে? কেবল শিক্ষার্থীর মানসিক ও নৈতিক উন্নতি শিক্ষার অংশ নয় হিসেবে যে মতবাদ পেস্তালৎসি দিয়েছিলেন। সেটির বিপরীত মতবাদে আমাদের শিক্ষা ব্যবস্থা দৃশ্যমান। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থায় কেবল শিক্ষার্থীর মানসিক ও নৈতিক উন্নয়নে শিক্ষার অংশ হিসেবে রয়েছে। যার ফলে স্পষ্টত শিক্ষার কোনো বিকাশ প্রকৃত অর্থে ঘটছে না।
পেস্তালৎসি এই জন্যই শিক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো প্রধান বিষয় হিসেবে মতবাদ দিয়েছেন। কারণ শিক্ষা তখনই সমাজে বিকশিত হয়, যখন শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ কেবল সামাজিক হয়। পেস্তালৎসি শিক্ষার সর্বজনীন প্রক্রিয়ায় শ্রেষ্ঠ প্রক্রিয়া হিসেবে স্পষ্টত করেছেন। পেস্তালৎসি ব্যক্তিগতভাবে ধর্মভীরু হওয়া সত্ত্বেও ধর্মচর্চাকে শিক্ষার প্রধান লক্ষ্য হিসেবে অস্বীকার করছেন। শিক্ষায় শুধু জ্ঞান আহরণ এবং ধর্মানুষ্ঠান ও প্রথাগত সামাজিক রীতি জানা শিক্ষার অংশ হতে পারে না। অর্থাৎ শিক্ষা কোনো বিশেষ শ্রেণি, দলের জন্য নয়। শ্রেণি, বর্ণ, নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত থাকতে হবে এবং “শিক্ষা জন্মগত অধিকার” পেস্তালৎসির এই মতবাদ ঘিরেই সর্বজনীন শিক্ষার আদর্শের জন্ম হয়।
পেস্তালৎসি দীর্ঘ গবেষণা ও পরীক্ষণের পর শিক্ষা পদ্ধতির বস্তুভিত্তিক পাঠদানে আবিষ্কার করেন। যে পদ্ধতিতে শিক্ষার মূলনীতি হিসেবে তুলে ধরেছেন শিক্ষা নিছক ভাবের মাধ্যমে না দিয়ে কোন মূর্ত বস্তুকে কেন্দ্র করে দেওয়া হবে। অর্থাৎ শিক্ষার্থীর জ্ঞান অর্জন স্থায়ী ও বাস্তবধর্মী হবে এই পদ্ধতির পাঠদানে। এবং শিক্ষার্থীও চিন্তাগত, মননগত ভাবে উৎসাহী এবং আকর্ষিত হবে। বল প্রয়োগ, অপরিকল্পিত ও সংকীর্ণ শিক্ষা পদ্ধতির পাঠদানে শিক্ষা উন্নতি তো দূরে থাক শিক্ষা প্রাথমিক অগ্রগতিও লাভ করবে না। একটা শ্রেণিতে জীবনমুখী একটি বিষয় থাকলেই যথেষ্ট। যে শিক্ষা প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বা করছে, তা কেন জোর করে চাপিয়ে দেওয়ার কোন প্রয়োজন আছে কি? রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা দর্শনে বার বার আনন্দের মাধ্যমে শিক্ষা দর্শনের কথা বলেছেন।
এমনিতেই আমাদের দেশের শিক্ষাব্যবস্থা মানসম্মত না হওয়ায় শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমাগত বাড়ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত হচ্ছে, শিক্ষার হার বাড়ছে। ভূরিভূরি জিপিএ ফাইভ পেয়ে বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ভালো ভালো কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ছুটছে। মা-বাবাও সন্তানদের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করছেন, কিন্তু সত্যিকার মানুষ হিসেবে কজন বেরিয়ে আসছে?
পরিবেশ, স্বাস্থ্যসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় রেখে রান্নাবান্না শেখানো হচ্ছে, যার কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমাদের অভিভাবকেরাও একটা ভালো রেজাল্ট, একটা ভালো সার্টিফিকেট পাওয়ার জন্য হন্যে হয়ে ছুটছেন, সন্তানদেরও সেই শিক্ষা দিচ্ছেন। কিন্তু তারা সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করছেন কি না, তাদের মধ্যে মানবিক মূল্যবোধ বা গুণাবলি তৈরি হচ্ছে কি না, সেটা দেখার বা বোঝার মতো সময় বা মানসিকতা আমাদের অনেকেরই নেই।
আমরা সর্বক্ষেত্রে অনিয়ম, অব্যবস্থা, দুর্নীতি, স্বজনপ্রীতিসহ নষ্ট রাজনীতির জাঁতাকলে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছি। এই অবস্থা বা পরিবেশের মধ্য থেকেও আমাদের অনেক ছেলেমেয়ে বাবা-মায়ের সুষ্ঠু তদারকিতে সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করে বেরিয়ে আসছে, কিন্তু তাদের সেই মেধার যথাযথ মূল্যায়ন না হওয়ায় এবং দেশে মেধাবীদের যথাযথভাবে কাজে না লাগানোর কারণে অনেকে দেশ থেকে চলে যাচ্ছে। এর ফলে দেশ তার মেধাবী, যোগ্য, দক্ষ ও জ্ঞানী সন্তানদের হারাচ্ছে।
আমাদের শিক্ষাব্যবস্থাকে করতে হবে কর্মমুখী ও জীবনমুখী। কর্মমুখী শিক্ষার ভিত গড়ার জন্য কারিগরি শিক্ষা ও উচ্চশিক্ষা দুটির ওপরই সমান জোর দিতে হবে। কারিগরি শিক্ষার সবটাই ব্যবহারিক শিক্ষামুখী হতে হবে, সেই সঙ্গে প্রযুক্তিভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করতে হবে। শিক্ষা হতে হবে মানবিক গুণাবলি উদ্রেক করা জীবন ও কর্মমুখী প্রকৃত জ্ঞানার্জনের শিক্ষা। শিক্ষার পরিবেশ সুস্থ, সুন্দর ও বাস্তবধর্মী করার জন্য এই খাতের বাজেট বাড়াতে হবে। শিক্ষকদের সমস্যাগুলো গভীরভাবে পর্যালোচনা করে, শিক্ষক, অভিভাবকসহ রাষ্ট্রকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। কারণ মানসম্পন্ন শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন তথা টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়।
গতানুগতিক প্রক্রিয়া ও নানারকম স্তরে আবদ্ধ শিক্ষা। যার ফলে সামাজিক সংকট ও পারস্পরিক শিক্ষার সংকট উভয়ের উদ্ভব ঘটেছে। এই গতানুগতিক ও শিক্ষার নানারকম স্তরকে ভেঙে শিক্ষাকে মুক্ত করতে হলে, আজকের সময়ে পেস্তালৎসির সেই মনোবৈজ্ঞানিক ভিত্তি ও সর্বজনীন শিক্ষার আদর্শের দর্শন অনুসরণ করে শিক্ষার পরিবর্তন ও সংস্কারে পরিকল্পনা মাপিক উদ্যোগ নেওয়া জরুরি। এতে শিক্ষার উন্নতি ও প্রসার ঘটবে। এবং শিক্ষার যে মূল উদ্দেশ্য ও লক্ষ্য সেটি বাস্তবায়িত হবে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট।
মানবকণ্ঠ/এফআই

